জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত বৈধ, মোদী সরকারের পদক্ষেপ সঠিক ছিল, জানিয়ে দিল শীর্ষ আদালত

আমাদের ভারত, ১১ ডিসেম্বর:
মোদী সরকারের পদক্ষেপ সম্পূর্ণ সঠিক ছিল। জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বাতিল সিদ্ধান্তকে বৈধ বলে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। আগামী বছরে ৩০ সেপ্টেম্বর উপত্যকায় বিধানসভা ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির সংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছে। আইনজীবীরা মনে করছেন, ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ জানানোর মামলায় ভারসাম্যের রায় দিয়েছে শীর্ষ আদালত। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছিল মোদী সরকার। আর ওই ধারা বাতিলের পাশাপাশি জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। লাদাখ’কে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।

জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ফারুক আবদুল্লাহ, ওমর আব্দুল্লা, মেহবুবা মুফতি সহ বিজেপি বিরোধী নেতাদের গৃহবন্দী করা হয়। কেন্দ্রের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একাধিকবার মামলা দায়ের হয়। গত ২ জুলাই থেকে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে এই মামলার লাগাতার শুনানি চলে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও এই বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কিষান কৌলে, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি সূর্যকান্ত।

শুনানির সময় বিচারপতিদের একাধিক কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় আইনজীবীকে। সেপ্টেম্বরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ রায় স্থগিত রাখার কথা জানান। আজ রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি জানান, ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পর জম্মু-কাশ্মীরের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব নেই। বিশেষ পরিস্থিতিতে ৩৭০ অনুচ্ছেদ চালু করা হয়েছিল। ওই অনুচ্ছেদ অস্থায়ী ছিল। সংবিধানকে মেনেই কেন্দ্রীয় সরকার ৩৭০ ধারা চালু করেছিল। একই সঙ্গে রাষ্ট্রপতির কাছেও ৩৭০ ধারা বাতিল বাতিলের অধিকারও রয়েছে। জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহার করার ক্ষেত্রে কেন্দ্র সরকারের উদ্দেশ্যে ভালো ছিল। সংবিধানের মধ্যে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ৩৭০ ধারা বাতিল অসংবিধানিক নয়। তাই ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকবে।

একই সঙ্গে উপত্যকাকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার কথাও শীর্ষ আদালত জানিয়েছে। কেন্দ্র সরকারকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপত্যকার বিধানসভা ভোট সম্পন্ন করা নির্দেশ দেওয়া হয়েছে।

1 thoughts on “জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত বৈধ, মোদী সরকারের পদক্ষেপ সঠিক ছিল, জানিয়ে দিল শীর্ষ আদালত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *