আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা,২৯ মার্চ:
শেষ পর্যন্ত মারাই গেলেন উত্তর ২৪ পরগনার নিমতার নির্যাতিতা বৃদ্ধা শুভ্রা মজুমদার। মাসখানেক আগে রাতে বাড়িতে ঢুকে ওই বৃদ্ধা এবং তাঁর ছেলেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে ছিল বলে অভিযোগ। তারপর থেকেই তিনি অসুস্থ ছিলেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। আজ সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন,তাঁর পরিবারের কষ্ট এবং ক্ষত মমতা দিদিকে দীর্ঘদিন তাড়া করবে।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে উত্তর দমদমের নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তাঁর ৮৫ বছর বয়সী বৃদ্ধা মা শুভ্রা মজুমদারকে মারধর করেছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, এমনই অভিযোগ ছিল বিজেপির। এই ঘটনার পর জখম গোপালের মা শুভ্রা মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়। মাসখানেক হাসপাতালে থাকার পর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসারত অবস্থায় সোমবার সকালে শুভ্রা মজুমদারের মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে মৃতের পরিবারের সদস্যরা। শুভ্রা মজুমদারের মৃত্যুর খবর পেয়ে সোমবার সকালে নিমতায় গোপালের বাড়িতে পৌঁছে যান উত্তর দমদমের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার। তিনি মজুমদার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই মৃত্যুর সঠিক বিচার দাবি করেন। জানা গেছে, বিজেপির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে উত্তর দমদমে তৃণমূলের বিরুদ্ধে মিছিল বের করা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফেসবুকে তিনি লিখেছেন, তৃণমূল গুন্ডাদের হাতে নৃশংসভাবে মার খেয়ে বাংলার মেয়ে শোভা মজুমদারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের কষ্ট এবং ক্ষত মমতা দিদিকে দীর্ঘদিন তাড়া করবে। বাংলাকে হিংসা মুক্ত করতে এবং আমাদের মাবোনদের জন্য নিরাপদ রাজ্য করতে বাংলা লড়বে।
টুইটারে শোক জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন। তিনি বলেছেন, তৃণমূলী গুন্ডাদের হাতে নির্মমভাবে আহত হওয়া ৮৫ বছর বয়সী শোভা মজুমদার আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন! মমতা দিদিকে তাঁর অত্যাচারের জন্য বাংলা কখনই ক্ষমা করবে না!

বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্য টুইটে লিখেছেন নিহত এই বাংলার কন্যা কারো মা এবং কারও বোন ছিলেন। তৃণমূলের ক্যাডাররা থাকে ভয়ংকরভাবে মারধর করেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এব্যাপারে একটিও কথা বলেননি।
শোক জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেছেন নিমতার বৃদ্ধ মা শোভা মজুমদারের আত্মার শান্তি কামনা করি। ছেলে গোপাল মজুমদার বিজেপি করার জন্য আজ তাঁকে প্রাণ দিতে হলো। বিজেপি এই বলিদানকে সর্বদা মনে রাখবে। ইনিও বাংলার মা ছিলেন, বাংলার মেয়ে ছিলেন। বিজেপি সবসময় বাংলার মা ও মেয়েদের সুরক্ষার জন্য লড়াই করবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছেন, এই অত্যাচারের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবারের ভোটে পাবে।

