সাথী দাস, পুরুলিয়া, ২২ জুন: বিয়ের মাত্র আর দিন কয়েক বাকি, তার আগে ওভার হেডে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। সোমবার সন্ধ্যায় নিতুড়িয়া ব্লকের দীঘা পঞ্চায়েত এলাকার চৌরাশি সাইডিং- এ মালগাড়ি থেকে স্পঞ্জ আয়রন কারখানার কাঁচামাল নামাচ্ছিলেন তিনি। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান পেশায় ঠিকা শ্রমিক ওই যুবক। মৃতের নাম কাঞ্চন রায়, বয়স আনুমানিক পঁচিশ বছর। তিনি পর্বতপুর গ্রামের বাসিন্দা।
গতকাল প্রবল ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে কাজে যান ওই যুবক। মাল খালি করায় সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন রেলের ওভার হেড বিদ্যুৎ বাহী তারে ওই যুবকের শাবল স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যান ওই শ্রমিক। বগি থেকে ছিটকে পড়ে তাঁর দেহ। কর্মরত অন্য ঠিকা কর্মীরা কাছে এসে দেখেন দেহে প্রাণ নেই। তখনই তাঁরা গাফিলতির অভিযোগ তোলে ঠিকাদারের বিরুদ্ধে। রেলের বগি থেকে মাল নামানোর আগে রেলের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায়, এমন ঘটনার মুখে পড়তে হয় তাঁদের বলে অভিযোগ।

কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে ঘটনাস্থলেই দীর্ঘক্ষণ দেহ রেখে বিক্ষোভ দেখান মৃত ঠিকা শ্রমিকের সহকর্মীরা। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও সুরক্ষার দেবার দাবি জানান বিক্ষোভকারীরা। আজ সকালেও নিজেদের দাবিতে অনড় ছিলেন বিক্ষোভকারীরা। নিতুড়িয়া থানার পুলিশের মধ্যস্থতায় ঠিকাদারের সঙ্গে সমঝোতায় আসেন বিক্ষোভকারীরা। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও কাজের সুরক্ষার আশ্বাস দেন ঠিকাদার। তার পরই দেহ ঘটনাস্থল থেকে নিয়ে যায় পুলিশ।

