আমাদের ভারত, দার্জিলিং, ১ আগস্ট: গোর্খাল্যান্ডের দাবিতে আবারো পাহাড়ে শুরু হল আমরণ অনশন। অখিল ভারতীয় গোর্খা লীগের ভারতী তামাং গোষ্ঠীর নেতা এস পি শর্মা রবিবার থেকে শুরু করল আমরণ অনশন। রবিবার দার্জিলিংয়ে অখিল ভারতীয় গোর্খা লিগের দলীয় কার্যালয়ের ভেতরেই এই আমরণ অনশন শুরু করেন।
এদিন তিনি বলেন, পাহাড়ের মানুষ বিজেপিকে গত তিন বার ভোট দিয়েছে। দার্জিলিং থেকে বিজেপি সাংসদকে লোকসভায় পাঠিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বিজেপি সাংসদ পাহাড়ের মানুষের দাবি পৃথক রাজ্য গোর্খাল্যান্ড এবং ১১টি জন জাতিকে ষষ্ঠ তপশিলি ঘোষণা কোনওটিই পূরণ করতে পারেননি। তাই এদিন তিনি দাবি করেন, অবিলম্বে সাংসদকে একটি ডেটলাইন বেঁধে দিতে হবে কবে তিনি পাহাড়বাসীর দাবি পূরণ করবেন। তবে এই ডেটলাইন ২০২৪ সাল হতে পারে না। তার আগে করতে হবে। এছাড়াও তিনি আরও বলেন, আপনি যদি তা করতে না পারেন তবে তিনি পদত্যাগ করুন।
অন্যদিকে এদিন অখিল ভারতীয় গোর্খা লিগ নেতার এই অনশনের খবর শুনতে পেয়ে জিএনএলএফ নেতা তথা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের দার্জিলিং ব্রাঞ্চ কমিটির সভাপতি অজয় এডওয়ার্ড এসপি শর্মার সাথে দেখা করেন। তাকে আশ্বস্ত করেন। তিনি বলেন, সাংসদের এখনও অনেকটা সময় কাল রয়েছে এবং তিনি কাজ করছেন। আশা করছি খুব তাড়াতাড়ি পাহাড়ের দাবিগুলি মিটবে। এদিন তিনি অনশনরত এস পি শর্মাকে তার অনশন প্রত্যাহার করার জন্য আবেদন করেন।

