“আচ্ছে দিন আসতে চলেছে বাংলায়” বলেছেন অমিত শাহ, জানালেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১৭ ডিসেম্বর: রাজনৈতিক যুদ্ধের দামামা বাজিয়েই নতুন বছরের শুরু হতে চলেছে বাংলায়। পঞ্চায়েত ভোটের কাউন্টডাউন শুরুর মধ্যেই শুক্রবার বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দর থেকে সরাসরি তিনি যান বিজেপি রাজ্য দপ্তরে। সেখানে দীর্ঘক্ষণ বৈঠক চলে বঙ্গ বিজেপির নেতৃত্বের সাথে। পঞ্চায়েত ভোট নাকি ডিসেম্বর ডেড লাইন বৈঠকের আলোচ্য বিষয় জল্পনার মধ্যেই সুকান্ত মজুমদার বলেন, “বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথার মধ্যে অমিত শাহ বলেছেন “বাংলায় আচ্ছে দিন আসছে।”

বিমানবন্দরে শুভেন্দুকে পাশে নিয়ে সুকান্ত বলেন, রাজ্য সভাপতি হিসেবে আমাকে, বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু দা’কে, সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী এবং যে সমস্ত সাংসদরা কলকাতায় উপস্থিত ছিলেন তাদের অমিত শাহ ডেকেছিলেন। সাংগঠনিক বিষয় নিয়ে কথা হয়েছে। আগামী দিনে দল কিভাবে এগোবে সেই বিষয়ে উনি আমাদের থেকে জানতে চেয়েছেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে কথাগুলি আমি সরাসরি সংবাদ মাধ্যমে বলতে পারব না। কিন্তু আগামীতে বাংলার জন্য ভালো দিন আসতে চলেছে। বাংলার আচ্ছে দিন আসতে চলেছে।”

গতকালের বৈঠকে সুকান্ত দিলীপ ও শুভেন্দু ছাড়াও ছিলেন অগ্নিমিত্রা পাল, মঙ্গল পান্ডে, সুনীল বনসল, অমিত মালব্য, আশা লাকড়া, খগেন মুর্মু, সুভাষ সরকার, স্বপন দাশগুপ্ত, নিশীথ প্রামাণিক, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মন, লকেট চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী সহ বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্ব উপস্থিত ছিলেন। ৩৫ মিনিটেরও বেশি সময় ধরে এই বৈঠক চলে। অমিত শাহকে বিমান বন্দরে বিদায় জানিয়ে, সুকান্ত বলেন পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যের নেতারাই যথেষ্ট। এখানে অমিত শাহ বা কেন্দ্রীয় নেতৃত্বের প্রয়োজন নেই। তিনি বলেন, পঞ্চায়েত ভোট নিয়ে অমিত শাহের সঙ্গে তাদের কথা হয়েছে। বঙ্গ বিজেপির পরিকল্পনার কথাও জানানো হয়েছে। উনি সবটা শুনেছেন। রাজ্য সভাপতি দাবি করেছেন এবারের পঞ্চায়েত নির্বাচনে পদ্ম শিবিরের হাতে বড় জয় আসতে চলেছে। তার দাবি, আগের পঞ্চায়েত নির্বাচনে ৬ হাজার সদস্য ছিল বিজেপির। এবার তার তিন থেকে চার গুণ টার্গেট নিয়ে তারা এগোবেন এবং তারা জিতবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *