স্কুলে সরস্বতীপুজো বন্ধ করে এই সরকার যে পাপ করছিল তার প্রায়শ্চিত করার দিন এসেছে: দিলীপ ঘোষ

আমাদের ভারত, হাওড়া, ১৬ ফেব্রুয়ারি: উলুবেড়িয়ার তেহট্ট স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে এই সরকার যে পাপ করেছিল, তার প্রায়শ্চিত করার দিন এসেছে। সবথেকে মজার ব্যাপার এই সরকার কখনও পুজো বন্ধ করে আবার কখনও পুজো চালু করে। এখন আবার শুনছি পার্টির পক্ষ থেকে পাড়ায় পাড়ায় পুজো করা হচ্ছে। আসলে এইসব ভোটের জন্য। মঙ্গলবার বাউড়িয়ার ঘনশ্যামচকে সরস্বতী পুজোয় যোগ দিতে এসে এই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে দিলীপ ঘোষ পুজো মন্ডপে সকলের সঙ্গে বসে পুস্পাঞ্জলি দেন। পরে তিনি দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। দিলীপ ঘোষের সঙ্গে পুস্পাঞ্জলি দেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল, বিজেপি নেতা অনুপম মল্লিক সহ অন্যান্যরা।

এদিন দিলীপ ঘোষ বলেন, যুগ যুগ ধরে ভারতে পুজো পাঠ চলে আসছে। এর সঙ্গে রাজনীতি যুক্ত না হওয়াটাই ভালো। এমনকি প্রত্যেকে যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেটাও সরকারের দেখা উচিত। মুখ্যমন্ত্রীর মন্ত্রোচারণকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, উনি ভুলভাল মন্ত্র বলেন। আসলে উনি কোনও দিন মন্ত্র উচ্চারণ করেননি। লোককে গালাগাল দিয়ে এসেছেন। এদিন তিনি অভিযোগ করেন, ভোটের স্বার্থে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরকে রাস্তায় নামানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *