ধৈর্যের বাঁধ ভাঙল, টানা ৬ দিন জল না পেয়ে পথ অবরোধ মানবাজারবাসীর

সাথী দাস, পুরুলিয়া, ৭ জুলাই: জলের দাবিতে মানবাজার শহরে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, গত ৬ দিন ধরে মানবাজার শহরে পানীয় জল পরিষেবা বন্ধ। বার বার স্থানীয় প্রশাসনকে বলেও কোনও কাজ হয়নি। তাই মানবাজার শহরের ইন্দকুড়ি মোড় ও মুচিপাড়া দুটি স্থানে মানবাজার পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করেন বাসিন্দারা।

জানা গিয়েছে, জনস্বাস্থ্য কারিগরি দফতর মানবাজার শহরে পানীয় জলের পরিষেবা দেয়। গত কয়েকদিন আগে হরে কৃষ্ণপুর গ্রামে ওই দফতরের পানীয় জলের একটি বড় পাইপ ফেটে যায়। সেই পাইপ মেরামত করলেও পরে আরেকটি পাইপ লাইনের ফাটল দেখা যায়। ফলে বিপত্তি বাড়ে। কিন্তু সেই পাইপ এখনও মেরামত না করায়, জল পরিষেবা বন্ধ রয়েছে মানবাজার শহরজুড়ে। ভরা বর্ষায় টানা ৬ দিন ধরে চরম সঙ্কটে ভুগছেন মানবাজারবাসী। স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে জল সমস্যা দূর করতে আবেদন করেও মেলেনি সুরাহা বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এমনকি মহকুমা সদর হলেও মানবাজারে জনস্বাস্থ্য কারিগরি দফতর নেই। ফলে জলের সমস্যা মেটানোর জন্য মানবাজারবাসিকে পুরুলিয়ায় শহরে ছুটতে হয়। সামান্য সমস্যা মিটতেও দেরি লাগে। বুধবার স্থানীয় প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে কথা বললে এবং সমস্যা সমাধানের আশ্বাস দিলে এক ঘন্টা পর অবরোধ তুলে নেন বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *