আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ মে: সমুদ্র সৈকত সুন্দরী দিঘা আজ বড় অসহায়। যস ঘূর্ণিঝড় বুধবার সকালে যেভাবে সমুদ্র উপকূল এলাকায় ধ্বংস লিলা চালেয়েছে, তাতে করে আগের ঘুর্নিঝড়কেও ছাপিয়ে গিয়েছে। ঝড়ের তান্ডবের সাথে সাথে সমুদ্রের হুঙ্কার ছিল অনেক ভয়াবহ। সমুদ্রের জল যেভাবে স্থলভাগে আছড়ে পড়ে এলাকা প্লাবিত করেছে, তাতে করে সমুদ্র উপকূল এলাকায় থাকা দোকানঘরের একাধিক অংশ ভেঙ্গে জিনিসপত্র তলিয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে দেখা গেল সেই ভাঙ্গাচোরা দোকানের অবশিষ্ট জিনিসপত্র গোছাতে এসেছে দোকানের মালিকরা।

দোকানদারদের বক্তব্য, এর আগে কোনওদিন সমুদ্রের এই ভয়াবহ রূপ দেখেনি। ওল্ড দিঘায় প্রায় এক কিলোমিটার গাড়োয়াল টপকে বড় বড় পাথর রাস্তার মধ্যে পড়ে। ফলে পুরো রাস্তাটাই অবরুদ্ধ হয়ে যায়। শুধু তাই নয় সংবাদমাধ্যমের গাড়িও ভেসে যায় জলের তোড়ে। উদ্বিগ্ন হয়ে পড়ে জেলা প্রশাসন। আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা পরিদর্শনে আসছেন। ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করবেন জেলা প্রশাসনের সঙ্গে।


