আমাদের ভারত, হুগলি, ১৯ জুলাই: বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ করলেন বর্তমান পুরপ্রধান। সোমবার মগরা থানায় এই অভিযোগ করা হয়। পুরসভার প্রাক্তন পুরপ্রধান অরিজিতা শীল ও ইঞ্জিনিয়ার সম্রাট তালুকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন বর্তমান পুরপ্রধান আদিত্য নিয়োগী। অভিযোগ, বিগত পুরবোর্ডে বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকার দুর্নীতির খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাঁশবেড়িয়া পুরসভায়।
বাঁশবেড়িয়া পুরসভা সূত্রে জানাগিয়েছে, বাড়ি বাড়ি জল সরবরাহ করার জন্য আমরুত প্রকল্পে ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে। বর্তমান পুরবোর্ড তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করতেই প্রকাশ্যে চলে আসে দুর্নীতি। দেখা গিয়েছে, সরকারি প্রকল্পে একই কাজের জন্য একই ব্যক্তিকে দুই বার টেন্ডার দেওয়ার পাশাপাশি দুই বার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে পুরসভার তরফে। অভিযোগ, এই দুর্নীতির পিছনে হাত রয়েছে অরিজিতা শীল ও সম্রাট তালুকদারের। পাশাপাশি এক বছরে ভাড়া গাড়ি বাবদ ছয় লক্ষ টাকা টিএ বিল পেশ করেছেন অভিযুক্ত সম্রাট তালুকদার। আর তাতে অনুমোদন দিয়েছেন অরিজিতা শীল। পুরসভার তদন্ত কমিটি কোটি টাকার উপর আর্থিক তছরূপের প্রমাণ পেয়েছেন। জানা গিয়েছে, অডিট হলে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি প্রকাশ্যে চলে আসবে। সোমবার পুরসভার তরফে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চেয়ারম্যান আদিত্য নিয়োগী মগরা থানায় একটি আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন।
এই প্রসঙ্গে পুরপ্রধান আদিত্য নিয়োগী বলেন, পুরসভায় আগের বোর্ডে দুর্নীতি হয়েছে। আমরা তার নিরপেক্ষ তদন্ত চাই। পাশাপাশি দুর্নীতিগ্রস্থদের কঠোর শাস্তি চাই।

