গাড়ি করে দুষ্কৃতী নিয়ে যাওয়া হচ্ছিল, নিশীথের বিরুদ্ধে পাল্টা তোপ উদয়নের

আমাদের ভারত, ২৫ ফেব্রুয়ারি: শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার জেরে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। গোটা ঘটনায় নিশীথবাবু দায় চাপিয়েছেন তৃণমূলের ওপর। অন্যদিকে, তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ এই ঘটনায় দায়ী করেছেন নিশীথবাবুকেই।

নিশীথ প্রামাণিক প্রশ্ন তুলেছেন আগে থেকে কর্মসূচির কথা জানানো হলেও পুলিশ কেন ব্যবস্থা নেয়নি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, “পুলিশ হামলাকারী তৃণমূল কর্মীদের নিরাপত্তা দিয়েছে। রাজ্যে এমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না।”

অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সংবাদমাধ্যমকে বলেন, “৪০ গাড়ির কনভয় নিয়ে কেন যাচ্ছিলেন নিশীথ প্রামাণিক? ওই গাড়িতে কারা ছিল? পূর্ব পরিকল্পনা করে হামলার জন্যই গাড়িতে দুষ্কৃতীদের নিয়ে যাওয়া হয়।”

নিশীথবাবুর গাড়ি লক্ষ্য করে শনিবার ইট ছোড়া হয় বলে অভিযোগ। এমনকী বোমাবাজি ও গুলি চালানোরও অভিযোগ। ওই এলাকায় বেশ কিছু বাইক ভাঙ্গচুর করা হয়। ইটের ঘায়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতিও বেধে যায়। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের কার্যালয়ে ভাঙ্গচুর করা হয় বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ শাসক দলের। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে। চলে লাঠি ও কাঁদানে গ্যাস। একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় দিনহাটায়। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *