আমাদের ভারত, ২৮ আগস্ট: বারানসীর জ্ঞানবাপী মসজিদের পর এবার মথুরা শাহি ইদগাহ মসজিদেও ভিডিওগ্রাফি সমীক্ষার নির্দেশ দিল আদালত। সোমবার হিন্দুত্ববাদী পক্ষের আবেদন মেনে এলাহাবাদ হাইকোর্টে এই নির্দেশ দিয়েছে।
বিচারপতি পীযূষ আগরওয়াল সোমবার এই সমীক্ষা তত্ত্বাবধানের জন্য এক আইনজীবীকেও কোর্ট কমিশনার এবং দুজনকে সহকারি কমিশনার নিযুক্ত করেছেন। আগামী চার মাসের মধ্যে সমীক্ষার রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন তিনি।
মথুরার প্রাচীন কাটারা স্তুপ এলাকায় শ্রীকৃষ্ণের জন্মস্থান কমপ্লেক্সের পাশেই রয়েছে শাহি ঈদগাহ মসজিদ। হিন্দুত্ববাদীদের দাবি, ইদগাহের ওই জমিতে কৃষ্ণের গর্ভগৃহ ছিল, প্রাচীন কেশব দেব মন্দির। কাশির আসল বিশ্বনাথ মন্দিরের মতো মথুরার মন্দির ধ্বংস করেছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেব। অভিযোগ, সেখানে শাহি ইদগাহ মসজিদ নির্মাণ করেছিলেন তিনি। হিন্দুত্ববাদীদের দাবি, বারানসির জ্ঞানবাপী মসজিদের মত মথুরার ইদগাহতে হিন্দুত্বের প্রমাণ রয়েছে। সেগুলির সমীক্ষা ও ভিডিওগ্রাফির দাবিতে কয়েক মাস আগে একটি মামলা দায়ের করা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে। সেই মামলার রায় ঘোষণার আগে ইদগাহ থেকে হিন্দুত্বের প্রমাণ নষ্ট করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে পুরো চত্বরটি সিল করে দেওয়ার দাবিতে নতুন করে মামলা হয়।
হিন্দুত্ববাদীদের পক্ষে আবেদনকারী মণিষ যাদবের অভিযোগ, বারানসি জেলা আদালতে মামলার শুনানির অগ্রগতি হয়নি। একের পর এক তারিখ এগিয়ে চলেছে। এই পরিস্থিতিতে অবিলম্বে ইদগাহের চত্বর সিল করে ভিডিও সমীক্ষার আবেদন জানিয়েছিলেন তিনি। গত মে মাসে জ্ঞানবাপী মসজিদ চত্বরে দেবদেবীর মূর্তি ও ধর্মীয় চিহ্ন খুঁজতে বারানসি নিম্ন আদালত জ্ঞানবাপী মসজিদের প্রত্নতাত্বিক ভিডিও সমীক্ষা করার নির্দেশ দিয়েছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে। জ্ঞানবাপী মসজিদ চত্বরে হিন্দু দেবদেবীর মূর্তি আছে দাবি করে সেগুলো পুজো করার অনুমতি চেয়ে ২০২১ সালে আদালতে একটি পৃথক আবেদন করেন পাঁচ মহিলা। তার জেরে বারানসি আদালতের নির্দেশের পরে জ্ঞানবাপীর অজুখানা ও দোকানে ভিডিও সমীক্ষা হয়েছিল।

