আমাদের ভারত, হুগলি, ২২ এপ্রিল : হোটেল থেকে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার ঘটনাটি ঘটেছে তারকেশ্বর মন্দির রোড এলাকায়। মৃতদের নাম পূজা হাজরা (২৫) ও বাপন ঘোষ (৩২)। দুইজনের বাড়ি বর্ধমান জেলার মন্তেশ্বর থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা তারকেশ্বর মন্দির রোড এলাকায় ঘর ভাড়া নিয়েছিল। শুক্রবার সেই হোটেলের ঘর থেকেই মিলল যুবক-যুবতীর ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তারকেশ্বরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য তারকেশ্বরে আসেন পূজা হাজরা ও বাপন ঘোষ নামে ওই যুবক ও যুবতী। পুজোও দেয়। পুজো দেওয়ার পর, তারকেশ্বর মন্দির রোড এলাকায় হোটেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া নেয় তারা। শুক্রবার তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। কি কারনে তারা আত্মঘাতী হলেন? সেটা জানতে তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ।
হোটেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে তাদের ঘর ছেড়ে দেওয়ার কথা ছিল। সেই কথা বলেই ঘর ভাড়া নিয়েছিলেন দুজন। কিন্তু সকাল ৯টা বেজে গেলেও দরজা না খোলায়, সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। এরপর তাঁদের ডাকাডাকি করেও সাড়া না মেলায়, পুলিশকে খবর দেন হোটেল মালিক। এরপরই পুলিশ এসে দরজা ভেঙ্গে হোটেলের ঘরে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে।

