আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ জুন: জোর করে জমি দখলের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক দম্পতি। আর এই অভিযোগ উঠেছে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের শ্যামনগর রাহুতার মন্ডলয়।
দখলের উদ্দেশ্যে ফাঁকা পড়ে থাকা জমির বেশ কয়েক কাঠা বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতী তান্ডবের জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাগর পাত্র ও তার স্ত্রী আলোকা পাত্র। আক্রান্ত গৃহবধূ অলোকা পাত্রের অভিযোগ, সোমবার সন্ধেয় তিনি তার বাড়ির উঠানে প্রার্থনা করছিলেন। সেইসময় কিছ দুষ্কৃতী এসে তাকে মারধর করে। এমনকি জঙ্গলের দিকে তাকে টেনে নিয়ে যাবারও চেষ্টা করে। ঠেকাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে তার স্বামীও আক্রান্ত হন।

অলোকা দেবীর অভিযোগ, পাড়ার মোড়ল কানাই মন্ডলের নেতৃত্বে জমি দখল নেবার চেষ্টা করা হচ্ছে। ভয় দেখিয়ে এলাকা ছাড়া করে দুষ্কৃতীরা জমির দখল নিতে চাইছে। মঙ্গলবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন অলোকা দেবীর স্বামী সাগর পাত্র। এদিন সাগর পাত্র অভিযোগ করেন, “ধারালো অস্ত্র নিয়ে আমাদের বাড়ি এসে চড়াও হয়েছিল কানাই মণ্ডল ও তার দলবল। ওরা আমাদের প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। আমরা কোনো মতে অন্য বাড়িতে লুকিয়েছিলাম প্রাণ বাঁচানোর জন্য।”
যদিও কানাই মন্ডলের দাবি, ওদের অভিযোগ ভিত্তিহীন। তার বিরুদ্ধে জমি দখল নেবার অভিযোগ মিথ্যা। তার বদনাম করার জন্য এসব রটানো হচ্ছে। তিনি বলেন,
“আমার উচ্চ নেতৃত্ব যদি এই বিবাদ মেটাতে আমাকে ডাকে আমি নিয়শ্চই যাবো। কিন্তু এই ঘটনার সাথে আমার কোনো যোগ নেই।” গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।

