couple, newborn baby, সদ্যোজাত কন্যা সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ দম্পতির বিরুদ্ধে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: সদ্যোজাত এক কন্যা সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত ফুল পাহাড়ি এলাকায়।

জানাগেছে, পেশায় রাজমিস্ত্রি অমর দাস ও শিবানী সিং বর্তমানে এই ফুল পাহাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকে। ইতিমধ্যেই এই দম্পতির ৭টি সন্তান রয়েছে। অভিযোগ, কয়েকদিন আগে জন্ম নেওয়া অষ্টম কন্যা সন্তানকে এই দম্পতি বিক্রি করে দিয়েছে আরামবাগের কোনো এক ব্যক্তির কাছে। যদিও শিবানী সিং মানতে চাননি যে তার কন্যা সন্তানকে তিনি বিক্রি করেছেন। তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি একজনকে তার কন্যা সন্তানটিকে দিয়ে দিয়েছে, যাতে সে ভালো করে মানুষ হয়। এলাকাবাসীরাও জানায় যে, তারা শুনেছে বাচ্চাটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। যেহেতু তারা বেশিদিন এই এলাকায় আসেনি তাই সঠিকভাবে তারা কিছু বলতে পারছে না।

এই বিষয় নিয়ে স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী মৌসুমী দত্ত জানান, কয়েকদিন আগেই শিবানী সিংয়ের সঙ্গে কথা হয়েছিল তার এবং পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যদের। বলা হয়েছিল যে বাচ্চাটিকে কাউকে না দেওয়ার জন্য। ও বলেছিল ও বাচ্চাটিকে কাউকে দেবে না নিজের কাছে রাখবে। আমি দু’ তিন দিন আগে জানতে পেরেছি বাচ্চাটা আর নেই। জিজ্ঞেস করাতে বলেছিল একজনকে বাচ্চাটিকে দিয়েছে। যাকে বাচ্চাটি দিয়েছে তার ঠিকানা চেয়েছি, দিলে আমরা তার সঙ্গে যোগাযোগ করব।

অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত প্রধান দিপালী রায় বলেন, ওই মহিলা এই এলাকার নয়, কিছুদিন হল ভাড়া এসেছে। যখন ওর বাচ্চা হয়েছিল আমরা সবাই মিলে গিয়েছিলাম। তারপর তো আর রোজ রোজ যাওয়া সম্ভব নয়, আর এ বিষয়ে কিছু জানিও না, আপনাদের কাছ থেকেই শুনলাম বিষয়টা। অঞ্চল অফিসে পুরো ঘটনাটা জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *