আমাদের ভারত, ২ আগস্ট: চলতি মাসেই পরীক্ষা মূলকভাবে চলতে পারে দেশের প্রথম কার্গো প্যাসেঞ্জার ট্রেন। দোতলা এই ট্রেনে একইসঙ্গে পণ্য ও যাত্রী পরিবহন হবে। শুধু পণ্য পরিবহন বা যাত্রী পরিবহন নয়, যাত্রীদের জন্য আধুনিক সব রকম পরিষেবা থাকবে বলেও খবর।
এই ট্রেনটি পাঞ্জাবের কপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। এই টু ইন ওয়ান বগি তৈরিতে খরচ হচ্ছে তিন কোটি টাকা। এই কোচগুলি হবে দোতলা। নিচের তলায় মাল পরিবহন করা হবে। উপর তলায় সাধারণ যাত্রীরা উঠতে পারবেন।
বলা যেতে পারে, রেলের এই কার্গো প্যাসেঞ্জার ট্রেনগুলি অনেকটা বিমানের কোচের মত। নিচের তলায় যাত্রীরা নিজেদের ব্যাগ পত্র রাখতে পারবেন উপর তলায় যাত্রা করতে পারবেন।
জানাগেছে ট্রেনগুলি মালগাড়ির মত স্লথ গতির হবে না। সাধারণ যাত্রীবাহী ট্রেনের মতো গতিতেই চলবে।এক একটা ট্রেনে কুড়িটি করে কামড়া থাকবে। ট্রেনটির কামড়ায় মোট ৪৬ টি আসন থাকবে। যাত্রীরা বসে এবং শুয়ে যাত্রা করতে পারবেন। প্রতিটি বগিতে একটি করে প্যান্ট্রি এবং শৌচাগার থাকবে। নিচের তলায় এক একটি কামড়াতে ছয় টন পর্যন্ত মাল পরিবহন করা যাবে। তবে কোন পথে ট্রেনটি চলবে, ভাড়া কত হবে সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি।

