আমাদের ভারত, ২ সেপ্টেম্বর:
শেষ পর্যন্ত করোনা ধাক্কা কাটিয়ে ভারতের অর্থনীতিতে গতি ফেরার ইঙ্গিত পাওয়া গেল। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে অর্থাৎ এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে ভারতের আভ্যন্তরীণ উৎপাদনের হার ছিল গত বছরের এই সময়ের তুলনায় ২০.১ শতাংশ বেশি। মঙ্গলবার কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক সূত্রে খবর পাওয়া গেছে। শেষবার ভারতের অর্থনীতি এই বৃদ্ধি দেখেছিলেন নয়ের দশকের মাঝামাঝিতে।
বিশেষজ্ঞদের মতে করোনার প্রথম ঢেউতে দেশের অর্থনীতি যেভাবে ধাক্কা খেয়েছিল দ্বিতীয় ঢেউতে সেই পরিমাণ ক্ষতি হয়নি। এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধির হার তারই ইঙ্গিত। তার আগেও পরপর দুই ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধি পজিটিভ ছিল।
২০২০-২১ অর্থবর্ষে তৃতীয় কোয়ার্টারে আর্থিক বৃদ্ধির হার ছিল ০.৫%। ওই একই অর্থবর্ষে চতুর্থ কোয়াটারে আর্থিক বৃদ্ধির হার ছিল ১.৪ শতাংশ। তারপর চলতি ত্রৈমাসিকে গত বছরের এই সময়ের তুলনায় বৃদ্ধির হার ২০.১ শতাংশ বেশি হল।
করোনার ধাক্কায় গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি আভ্যন্তরীণ উৎপাদন রেকর্ড ২৪.৩৮ শতাংশ হারে সংকুচিত হয়। এবারের জিডিপির এই বৃদ্ধি গতবারের সংকোচনের নিরিখেই হিসাব করা হয়েছে। বিরোধীরা অবশ্য দেশের এই বড় সাফল্যেরও সমালোচনা করতে ছাড়ছে না। তাই অর্থনীতিবিদদের একাংশ বলতে শুরু করেছে, আপাতদৃষ্টিতে অর্থনীতির এই রেকর্ড বৃদ্ধি সরকারের বিরাট সাফল্য হলেও এই জিডিপি বৃদ্ধি গতবছরের সংকোচনের হারের ক্ষতিপূরণ মাত্র। সমালোচকদের দাবি এই বিরাট বৃদ্ধির পরও গত বছর জিডিপির যে বিরাট ক্ষতি হয়েছিল তা পূরণ হয়নি। তাদের বক্তব্য চার বছর আগে যেখানে ছিলাম এখনও তার থেকে পিছিয়ে আছি।

