Modi, BJP, Congress, আপনার যে নগ্ন তা দেশবাসী জানে, দেশকে লজ্জায় ফেলে পোশাক খোলার কী দরকার ছিল? কংগ্রেসকে কটাক্ষ মোদীর

আমাদের ভারত, ২৩ ফেব্রুয়ারি: রবিবার প্রধানমন্ত্রী নয়া দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে ভারতীয় যুব কংগ্রেস কর্মীদের শার্ট খুলে বিক্ষোভ দেখানোর মতো কর্মসূচি নিয়ে তীব্র আক্রমণ শানালেন হাত শিবিরের বিরুদ্ধে। এই ঘটনাকে নোংরা এবং নগ্ন রাজনীতির মতো কাজ বলে অভিহিত করেছেন তিনি।

মোদী বলেছেন, আন্তর্জাতিক অতিথিদের সামনে দেশকে লজ্জা দিয়েছে কংগ্রেসের যুব নেতারা। উত্তরপ্রদেশের মিরাটে দিল্লির সাথে নমো ভারত র‌্যাপিড রেল সংযোগ এবং স্থানীয় মিরাট মেট্রো উদ্বোধনের পর এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশের মধ্যে কিছু রাজনৈতিক দল আছে, যারা ভারতের সাফল্য হজম করতে পারে না। তিনি আরো বলেন, আপনারা ভারতের বিশ্বের বৃহত্তম এআই সম্মেলন প্রত্যক্ষ করেছেন। ৮০টিরও বেশি দেশের প্রতিনিধিরা দিল্লি এসেছেন, প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধানরা ভারতে এসেছেন। জনতার দিকে ফিরে মোদী জিজ্ঞাসা করেন আপনারা কি এই এআই সম্মেলনের জন্য গর্বিত? যার স্বপক্ষে সমর্থন জানিয়ে সভায় উপস্থিত সকলে তীব্র উল্লাসে ফেটে পড়েন।

এরপরই তিনি বলেন, এই সামিট নিয়ে পুরো দেশ গর্বে ভরে উঠলো। কিন্তু কংগ্রেস এবং তার কর্মীরা কী করেছিল? কংগ্রেস ভারতের জন্য একটি বিশ্বব্যাপী অনুষ্ঠানকে তার নোংরা এবং নগ্ন রাজনীতির প্ল্যাটফর্মে পরিণত করেছিল। কংগ্রেস নেতারা বিদেশী অতিথিদের সামনে নগ্ন হয়ে অনুষ্ঠান স্থানে পৌঁছেছিলেন।

মোদী তীক্ষ্ণ ভাষায় মন্তব্য করেন, আমি কংগ্রেসের লোকেদের জিজ্ঞাসা করি, দেশ জানে যে আপনারা ইতিমধ্যেই নগ্ন, তাহলে তোমাদের পোশাক খোলার প্রয়োজন কেন মনে হল? প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখাতে বিক্ষোভের অংশ হিসেবে যুব কংগ্রেসের একদল কর্মী ভারত মন্ডপমে ৫ নম্বর প্রদর্শনী হলে প্রবেশ করেন। তারা শার্ট খুলে সরকার বিরোধী স্লোগান ও প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ছবি এবং ভারতের মার্কিন বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে প্রধানমন্ত্রীকে আপোসকারী বলে অভিযোগ করে। বার্তা সম্মিলিত টিশার্ট ধরে রাখেন। আজ সেই ঘটনার প্রতিবাদে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *