অমরজিৎ দে, আমাদের ভারতের, ঝাড়গ্রাম, ১ মে:
জেলা নেতৃত্বের পক্ষ থেকে নতুন মন্ডল সভাপতির নাম ঘোষণার পর তুমুল কোন্দল বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটির অন্দরে। বিজেপির সমস্ত রকম দায়িত্ব এবং সদস্যপদ ছাড়লেন দায়িত্বে থাকা মন্ডল সভাপতি থেকে শুরু করে একাধিক নেতা।
পাশাপাশি বিজেপি যুব মোর্চার ঝাড়গ্ৰাম জেলা সহ সভাপতি মৌত্রিশা পাল সমেত একঝাঁক যুব মোর্চার নেতা কর্মী বিজেপি ছাড়লেন। ঘটনায় একপ্রকার রাজনৈতিক শোরগোল পড়ে গেছে এলাকায়।
জানাগেছে, বিজেপির ঝাড়গ্ৰাম জেলা কমিটির পক্ষ থেকে দলের নতুন মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে দলের সোস্যাল সাইটে। তাতে দেখা যায় গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটির সভাপতি সোমরায় মুর্মুর জায়গায় নতুন দায়িত্ব পাচ্ছেন তুহিন শুভ্র সাউ।কোনো লিখিত তালিকা না পেলেও সোশ্যাল সাইটে মন্ডল সভাপতি হিসাবে তুহিন শুভ্র সাউয়ের নাম জানতে পেরে একপ্রকার ক্ষোভে ফেটে পড়েন সোমরায় মুর্মু সমেত বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডলের নেতা।ঘটনায় একাধিক বিজেপির নেতা কর্মী জেলা সভাপতি তুফান মাহাতোর বিরুদ্ধে সরব হয়েছেন। খোদ মন্ডল সম্পাদক স্বপন রথ, অভিযোগ করেছেন আদিবাসী হওয়ার কারণে সমরায় মুর্মুকে সরিয়ে একজন দুর্নীতিগ্ৰস্তকে পদে নিয়োগ হয়েছে।
ঘটনার ক্ষোভে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমরায় মুর্মু জানান, তিনি বিজেপির প্রতি সমর্থন রাখলেও বিজেপির কোনো পদে থাকবেন না। পাশাপাশি বলেন, কয়েকদিন আগে তুহিন শুভ্র সাউকে দল বিরোধী কাজ এবং স্বজন পোষণের অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু সেই তুহিন শুভ্র সাউকে সাসপেন্ড করার ২৫ দিনের মাথায় মন্ডল সভাপতি করা হল। যা নিয়ে ক্ষোভ বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটির নেতাদের মধ্যে।

