আমাদের ভারত, ২১ জুন: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে প্রথম থেকেই সরব ছিলেন বিজেপি নেতৃত্ব। হাইকোর্টে সেই দাবি মেনে কমিশনকে বাহিনী মোতায়েন করতে বললেও কমিশন তা না মেনে সুপ্রিম কোর্টে যায়। শীর্ষ আদালতও হাইকোর্টের রায়কেই বলবত রাখে।
এদিকে আদালতের রায় না মানায় আদালত অবমাননার মামলা দায়ের করেন শুভেন্দু কমিশনের বিরুদ্ধে। সেই মামলার রায়ে আদালত ২৪ ঘন্টার মধ্যে ২০১৩ সালের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। আর এই রায়ের প্রেক্ষিতেই মু্খ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রীর কবিতা তাঁকেই ফিরিয়ে দিয়ে বলি, ওহে নন্দলাল, দুগালে চপেটাঘাত খেয়ে গাল হল লাল”।
এর আগেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রশ্নে আদালতের রায় তাদের পক্ষে যাওয়ার পর সুকান্ত বলেছিলেন দুগালে সপাটে চড় খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ হাইকোর্ট ৮২ হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনী ২৪ ঘন্টার মধ্যে মোতায়েনের নির্দেশ দিতেই তার কবিতা দিয়েই তাকে আক্রমণ শানিয়েছেন সুকান্ত। কারণ তারা বারবার দাবি করেছেন, রাজ্য নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের হাতের পুতুল। তাদের অঙ্গুলি হেলনে কমিশন কাজ করছে। ফলে সুকান্ত মজুমদারের মতে হাইকোর্টের এই রায়ে কমিশনকে ভর্ৎসনা করা হলেও আসলে চড় খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

