প্রয়োজনের তুলনায় মিড ডে মিলের সামগ্রী কম, মুরারইয়ের বালিয়া প্রাথমিক বিদ্যালয়ের বিক্ষোভ অভিভাবকদের

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৯ জুন: বরাদ্দের থেকে কম পরিমাণে চাল, ডাল, সবজি দিয়ে মিড-ডে মিলের রান্না করা হচ্ছে, ফলে পরিমাণ মতো খাবার পাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। প্রতিবাদে সোমবার স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাটি বীরভূমের মুরারই থানার বালিয়া প্রাথমিক বিদ্যালয়ের।

বিক্ষোভকারীদের অভিযোগ, একশো জন পড়ুয়ার জন্য মাত্র দু’কেজি আলু, সামান্য কুমড়ো ও পুঁইশাক দিয়ে রান্না করা হচ্ছে পুষ্টিকর খাবার। প্রয়োজনের তুলনায় কম পরিমাণ সবজি দিয়ে রান্না করার ফলে দুপুরে পেটপুরে খেতে পায় না পড়ুয়ারা। বাড়ির ছেলেমেয়ের কাছ থেকে এমনই অভিযোগ পেয়ে এদিন বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানাতে যায় অভিভাবকরা। কিন্তু প্রধান শিক্ষক অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এনিয়ে স্কুলে উত্তেজনার সৃষ্টি হয়।

এদিকে মিড-ডে মিলের রান্নার দায়িত্বে থাকা মহিলারা কম সামগ্রী দিয়ে রান্না করার বিষয়টি স্বীকার করে নেন। ফলে উত্তেজনা বাড়ে। অভিভাবকরা বলেন, “একশো জন পড়ুয়ার জন্য মাত্র দুই কেজি আলু দেওয়া হয়েছে। চালের পরিমাণও কম। এনিয়ে আমরা অভিযোগ জানতে গেলে প্রধান শিক্ষক দুর্ব্যবহার করেন”।

যদিও স্কুলের প্রধান শিক্ষক প্রভাত সিংহ অভিভাবকদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি চেষ্টা করি ক্ষুদে পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়ার। প্রয়োজনে অভিভাবকরা পর্যায়ক্রমে স্কুলে এসে দেখে যেতে পারেন”। প্রধান শিক্ষকের আশ্বাস পেয়ে ফিরে যান অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *