ঝালদায় পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলা করছে কংগ্রেস

সাথী দাস, পুরুলিয়া, ৮ এপ্রিল: পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলা করতে উদ্যোগী হল পুরুলিয়া জেলা কংগ্রেস। জনগণকে বিড়ম্বনায় ফেললে পুলিশকে সমস্যায় ফেলার হুঁশিয়ারি দিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো।

৫ এপ্রিল পুরসভায় বোর্ড গঠনের দিন ঝালদায় কংগ্রেসের কালা দিবসের মিছিলে পুলিশের ‘বাধায় ‘ ধুন্ধুমার কাণ্ড ঘটে। নিহত তপন কান্দুর স্ত্রী কাউন্সিলর পূর্ণিমা কান্দু সহ মহিলাদের উপর পুলিশের শারীরিক নিগ্রহের অভিযোগ উঠে। তার প্রতিবাদে পরের দিন ১২ ঘণ্টার ঝালদা বনধ ডাকে কংগ্রেস।

বোর্ড গঠনের দিন পুরসভা সহ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা অমান্য করার অভিযোগে কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল, পিন্টু চন্দ্র এবং আড়াইশ জন নেতা কর্মীর বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে পুলিশ। বেশ কিছু ধারা ছাড়াও জামিন অযোগ্য ধারায় ঝালদা থানায় মামলা করে পুলিশ। তারই পাল্টা হিসেবে পদক্ষেপ নিচ্ছে কংগ্রেস।

কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতো বলেন, “ওই দিন নির্বাচিত কাউন্সিলর পুরসভায় ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। মহিলা কাউন্সিলর পূর্ণিমাকে শারীরিরিকভাবে নিগ্রহ করে পুলিশের পদস্থ আধিকারিক ও তার সহকর্মীরা। তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে বাধা দেয় উদ্দেশ্য প্রণোদিতভাবে। এটা কোন ধরনের নিয়ম। উল্টে শারীরিক নিগৃহীত হতে হয় তাঁদের। ওই সময় আমাদের কালা দিবসের মিছিল অনেকটাই দূরে ছিল। পুলিশের এই ভূমিকায় ঝালদাবাসিকে উত্যক্ত করছে। তারা আর কী করে পুলিশকে সহযোগিতা করবেন? আমরাও পুলিশের বিরূদ্ধে মামলা দায়ের করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *