সাথী দাস, পুরুলিয়া, ১২ ডিসেম্বর: ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই ঝালদা পুর শহরে ব্যাপক ধস নামলো বিজেপির। বিজেপি ঝালদা শহর যুব মোর্চার সভাপতি সদলবলে কংগ্রেসে যোগ দেন। ঝালদা কার্যালয়ে কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতোর হাত ধরে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। তিনি দলীয় পতাকা আগতদের হাতে তুলে দেন। কংগ্রেসে যোগদান করেন যুব মোর্চার সভাপতি বিজয় কান্দু সহ যুব মোর্চার প্রায় শতাধিক পরিবারের সদস্য। একই সঙ্গে এদিন ঝালদা ১ ব্লকের মাড়ুমাসীনা এলাকার বিজেপি যুব মোর্চার বুথ সভাপতি ভীম মাহাতো ও ফরওয়ার্ড ব্লক দলের দুই বারের পঞ্চায়েত সদস্য অসিত মাহাতো স্বদলবলে কংগ্রেসে যোগদান করেন।

এদিন যোগদান করা বিজয় কান্দু বলেন, বিজেপি করার জন্য তৃণমূল জেলে পাঠিয়েছিল। অথচ, বিজেপি পাশে দাড়ায়নি। তাই তৃণমূল, বিজেপি নয়, আগামী দিনে কংগ্রেসের হয়ে পৌর নির্বাচনে লড়াই করতে চাই।
এদিন কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, বিগত সময় এই ঝালদা পৌরসভায় তৃণমূল একটিও আসন জিততে পারেনি। একই সঙ্গে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে থাকায় খুব একটা সাফল্য পাবে না। আগামী দিনে এই যুব সমাজ কংগ্রেসে যোগ দেওয়ায় কংগ্রেস পৌরসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয়ে ঝালদা পৌরসভায় বোর্ড গঠন করবে বলে আশাবাদী।

এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন ঝালদা শহর কংগ্রেস সভাপতি অসীম সিনহা, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেব দুলাল চট্টরাজ, শহর কংগ্রেসের কার্যকরী সভাপতি বিপ্লব কয়াল, ঝালদা প্রাক্তন পৌরপ্রধান তপন কান্দু সহ অন্যান্য নেতৃত্ব।

