পুরুলিয়ায় তৃণমূলের দুটি শ্রমিক সংগঠনের দ্বন্দ্ব প্রকাশ্যে, অস্বস্তি বাড়াল জেলা কমিটির

সাথী দাস, পুরুলিয়া, ৪ জুলাই: একই দল তৃণমূল কংগ্রেসের দুই শ্রমিক সংগঠন যুযুধান দুই পক্ষ। শুরু হয়েছে একে অপরের বিরুদ্ধে লড়াই। শ্রমিকদের দাবি দাওয়া নিয়েই দুটি সংগঠন আন্দোলন করছে। জেলার দুটি গোষ্ঠী দুটি সংগঠনকে রসদ যোগাচ্ছে। আর এই ভাবেই শ্রমিক মহলে বিভ্রান্তিমূলক পরিস্থিতি তৈরি হয়েছে পুরুলিয়া জেলায়।

সাঁওতালডি তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ পথে মঙ্গলবার বিকেলে একটি সভা ডাকে ডব্লিউবিপিডিসিএল সাঁওতালডি থার্মাল পাওয়ার স্টেশন কন্ট্রাক্টরস শ্রমিক ইউনিয়ন। পরে তারা সাঁওতালডি তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজারকে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া, অভাব অভিযোগ সম্বলিত একটি স্মারকলিপিও দেবে বলে কর্মসূচিতে ঘোষণা করেছে। এই সংগঠনটিকে ভুয়ো বলে জোরালো অভিযোগ করলেন পুরুলিয়া জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি উজ্জ্বল কুমার। আজ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি। তিনি বলেন, “এই ধরনের সংগঠনকে আইএনটিটিইউসি অনুমোদন দেয়নি। এছাড়া জেলা সভাপতি হয়েও আমার কোনও অনুমতি নেয়নি। আগামী কাল যাঁরা এই সংগঠনের কর্মসূচিতে থাকবেন তাঁদের বিরুদ্ধে দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

তৃণমূল শ্রমিক নেতা উজ্জ্বল আরও বলেন, “রঘুনাথপুর শিল্পাঞ্চলে বিশাল লগ্নির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে ওই এলাকায় এক শ্রেণির শ্রমিককে ভুল বুঝিয়ে অস্থিরতা বাড়িয়ে তুলবে ওই আন্দোলন। এতে শিল্প মহলে দলের ভাবমূর্তি খারাপ হবে। কাল আমরা নজর রাখব।”

এদিকে, ডব্লিউবিপিডিসিএল সাঁওতালডি থার্মাল পাওয়ার স্টেশন কন্ট্রাক্টরস শ্রমিক ইউনিয়নের মঙ্গলবারের কর্মসূচিতে উপস্থিত থেকে পূর্ণ সমর্থন করবেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি। তৃণমূলের এই অভিজ্ঞ নেতা তাঁর এই সমর্থনের পিছনে যুক্তি দিয়ে বলেন, “যাঁদের যিনি ভুয়ো বলছেন তিনি হয়তো জানেন না, যে ওরাই আদি এবং দীর্ঘদিন ধরে দলের শ্রমিক সংগঠন ধরে রেখেছেন। এখন যে কেউ ক্ষমতা পেয়ে ওদের অবজ্ঞা করলে মানব কেন? আমি মনে করি যাঁদের সঙ্গে শ্রমিকরা রয়েছেন, যাঁদের কারখানা কর্তৃপক্ষ সমীহ করবে, গুরুত্ব দেবেন তাঁরাই শ্রমিক সংগঠন চালাবেন।”

পুরো বিষয়টি নিয়ে অস্বস্তিতে রয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। এখন শহিদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। আর এই মুহূর্তে দুই শ্রমিক সংগঠন প্রকাশ্যে পরস্পর পরস্পরকে বিরোধিতা করতে আসরে নেমেছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “দুই পক্ষকে নিয়ে বৈঠক করব। একই লক্ষ্যে দুটো সংগঠন সমান্তরালভাবে চলতে পারে না। দুই পদাধিকারীদের নিয়ে মিশিয়ে একটি সংগঠন শ্রমিকদের কল্যাণে কাজ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *