ইউনিফর্ম না পরে আসায় ছাত্রদের স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ তপসিয়া বিদ্যাসাগর শিক্ষায়তনের সভাপতির বিরুদ্ধে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ আগস্ট: স্কুল ইউনিফর্ম না পরে স্কুলে আসা এবং বাহারি কায়দায় চুল কাটায় ছাত্রদের মারধর করে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়াল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া বিদ্যাসাগর শিক্ষায়তনের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে স্কুলের শিক্ষকরা বাদে কিভাবে পরিচালন সমিতির সভাপতি পড়ুয়াদের গায়ে হাত তুললেন।

স্কুল ইউনিফর্ম না পরে আসার জন্য এবং চুলের কিছু বাহারি কাটিংয়ের জন্য শনিবার স্কুলের পরিচালন সমিতির সভাপতি অসিত বরণ গিরি মারধর করে স্কুল থেকে বের করে দেন ছাত্রদের। পড়ুয়াদের আরও অভিযোগ, অভিযুক্ত সভাপতি ভয় দেখান স্কুল থেকে টিসি দিয়ে দেওয়ার। তবে পড়ুয়াদের মারধর করার অভিযোগ মানতে নারাজ তপসিয়া বিদ্যাসাগর শিক্ষায়তনের প্রধান শিক্ষক অশোক কুমার মাহাতো এবং অভিযুক্ত পরিচালন সমিতির সভাপতি অসিত বরণ গিরি। তাদের দাবি, স্কুলে মিটিং করে ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হয়েছে।তাই এদিন স্কুল শুরুর আগে ইউনিফর্ম পরে না আসার জন্য প্রায় ২২ জন মতো ছাত্রকে ক্লাস করতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে ইউনিফর্ম পরে এসে ক্লাস করতে।কারণ স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় ১২০০ তাই এই কয়েকজন ছাত্রের জন্য স্কুলের শৃঙ্খলা ভঙ্গ যাতে না ঘটে তাই সকলকে স্কুল ইউনিফর্ম ছাড়া স্কুলে আসতে না করা হয়েছে।

পাশাপাশি প্রধান শিক্ষক সভাপতির মারধরের বিষয়ে বলেন, প্রার্থনার সময় যখন ঘটনাটি ঘটে তখন আমি ছিলাম। আমি থাকাকালীন কোনো ছাত্রকে মারধর করা হয়নি। শুধু ইউনিফর্ম পরে আসতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *