কোভিডের ন্যাজাল ভ্যাকসিনের দাম জানালো সংস্থা, কোউইন অ্যাপে এখুনি এই টিকা বুক করা যাবে

আমাদের ভারত, ২৭ ডিসেম্বর: ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাককে ব্যবহারের ছাড়পত্র কেন্দ্র গত সপ্তাহেই দিয়েছে। এবার তার দামও জানালো সংস্থা। ভারত বায়োটেক জানিয়েছে, এই টিকার দাম পড়বে ৮০০ টাকা। তবে বেসরকারি হাসপাতালে টিকার দামের সঙ্গে পাঁচ শতাংশ জিএসটি যুক্ত হবে ফলে জিএসটি নিয়ে টিকার দাম দাঁড়াবে ৮৪০ টাকা।

সংস্থার তরফে জানানো হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার গুলো এই টিকা কিনতে পারবে ৩২৫ টাকায়। আগামী বছরের জানুয়ারির চতুর্থ সপ্তাহে বাজারে আনা হবে এই টিকা। ১৮ ঊর্ধ্বদের ক্ষেত্রে এই টিকা ব্যবহার করা যাবে। তবে কোউইন অ্যাপে এখন থেকে টিকা নেওয়ার দিনক্ষণ বুক করা যাবে।

সংস্থার চেয়ারম্যান কৃষ্ণা এল্লা জানান, আমরা যে লক্ষ্য স্থির করে এগিয়ে ছিলাম তা সফল হয়েছে।কোভ্যাক্সিনের পর ইনকোভ্যাক তৈরি করলাম আমরা। বুস্টার হিসেবে এই টিকা ব্যবহার করা হবে। নভেম্বরেই এটিকে আপৎকালীন টিকা হিসেবে ব্যবহারে ছাড়পত্র দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। বলা হয়েছিল ১৮ ঊর্ধ্বদের ক্ষেত্রে বুস্টার হিসেবে এই টিকা ব্যবহার করা যেতে পারে।

যখন কোভিড ভয়াবহ আকার নিয়েছিল সেই সময় থেকেই এই ন্যাজাল ভ্যাক্সিন প্রস্তুত শুরু করেছিল ভারত বায়োটেক। এই টিকার ছাড়পত্র প্রসঙ্গে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অফ ইমুইনাইজেশনের চেয়ারম্যান সংবাদ সংস্থাকে জানিয়েছেন এই টিকা দেশে গবেষণার উন্নয়নের এক অন্যতম উদাহরণ। এই টিকা ব্যবহার করাও খুব সহজ। কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিয়েছেন তেমন কয়েকজনের উপর বুস্টার ডোজ হিসেবে ইনকোভ্যাক পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল, তা কার্যকরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *