বিবেককে সরিয়ে জ্ঞানবন্তকে নতুন নিরাপত্তা অধিকর্তা করল কমিশন

রাজেন রায়, কলকাতা, ১৫ মার্চ: রবিবার নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে সরিয়ে দিয়েছিল কমিশন।
এবার তার জায়গায় রাজ্যের নতুন নিরাপত্তা অধিকর্তা হলেন জ্ঞানবন্ত সিং। সোমবার নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

জ্ঞানবন্ত সিং এখন রয়েছেন এডিজি (সশস্ত্র বাহিনী) পদে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজিপি নীরজনয়ন জ্ঞানবন্তের নাম কমিশনে পাঠিয়ে দিয়েছিলেন। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক হবেন স্মিতা পাণ্ডে। এই পদে এখন রয়েছেন বিভু গোয়েল। তাঁকে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে রাখা হবে না। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে আনা হল সুনীলকুমার যাদবকে। ওই পদে ছিলেন প্রবীণ প্রকাশ। তাঁকে সরিয়ে দেওয়া হল।

কমিশন সূত্রে খবর, বিবেক সহায়ের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে চার্জ গঠন করতে হবে। নন্দীগ্রাম থানায় দায়ের হওয়া মামলার তদন্ত আগামী ১৫ দিনের মধ্যে শেষ করতে হবে। এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট ৩১ মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অনিলকুমার শর্মাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *