আমাদের ভারত, ২০ মার্চ: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নেওয়ায় জোর দিচ্ছে কমিশন। শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যে সদ্য নিয়োজিত জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার’কে দ্রুত নিজেদের দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্পষ্ট করে জানানো হয়েছে, যাদের সম্প্রতি বদলি করা হয়েছে তাদের অবিলম্বে সংশ্লিষ্ট জেলায় গিয়ে দায়িত্ব বুঝে নিতে হবে। কেবল প্রশাসনিক দায়িত্ব নয়, ডিএম বা এসপিদের বাংলা এবং সংশ্লিষ্ট লজিস্টিক ব্যবস্থাও দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে নিতে বলা হয়েছে।
শোনা যাচ্ছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিদায়ী আধিকারিকরা বাংলা ছাড়তে দেরি করছেন এবং প্রয়োজনীয় লজিস্টিক যথাযথ হস্তাক্ষর করছেন না। কখনো কখনো এই প্রক্রিয়ায় ইচ্ছাকৃত বিলম্বের অভিযোগ ওঠে। এই পরিস্থিতি যাতে না তৈরি হয় সেদিকেই কড়া নজর দিয়েছে নির্বাচন কমিশন।
বৈঠকে আধিকারিকদের উদ্দেশ্যে কমিশনের বার্তা ছিল স্পষ্ট। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্বভার গ্রহণ করা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কাজ, সব ক্ষেত্রে দ্রুততা এবং স্বচ্ছতা বজায় রাখতে হবে।
নতুন করে বদলি হওয়া ডি এম ও এসপি’রা যাতে নির্বিঘ্নে কাজ শুরু করতে পারেন তার জন্য সংশ্লিষ্ট বাংলো গুলি দ্রুত খালি করতে হবে। পাশাপাশি প্রশাসনের বৈঠক সমন্বয়ে অন্যান্য সরকারি কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামো প্রস্তুত রাখতে বলা হয়েছে।
এছাড়াও আসন্ন নির্বাচনকে সামনে রেখে ছয়টি মূল লক্ষ্য স্থির করেছেন নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত আধিকারিকদের জানানো হয়, লক্ষ্যগুলিকে তাদের কাজের মাধ্যমে কার্যকর করতে হবে।
লক্ষ্যগুলি হলো বুথ দখল রোধ করা, ভোট প্রতিরোধ করা, অশান্তি মুক্ত নির্বাচন নিশ্চিত করা, কোনো প্রভাব ছাড়া ভোট গ্রহণ সম্পন্ন করা, ভোটারদের জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি করা, রাস্তা আটকানো রোধ, ভোটারদের বেরতে বাধা রোধ, ভয় দেখিয়ে বুথে যাওয়া আটকানো রোধ করা।
ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা আরো সক্রিয় ও নিরপেক্ষ করতে চাইছেন নির্বাচন কমিশন। সেই পরিপ্রেক্ষিতে এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিকে শুক্রবারই জানাগেছে, কিছুদিনের মধ্যে দু’দিনের সফরে রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। সম্ভাব্য সূচি অনুযায়ী ২৫ ও ২৬ তারিখ বঙ্গ সফর হতে পারে তাঁর।
সূত্রের খবর, রাজ্যে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে একাধিক বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে আলাদা করে আলোচনা করার কথা রয়েছে তাঁর। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছিল। সেই সফরের পরই ঘোষণা করা হয় নির্বাচনের সূচি। এবার ভোটের প্রস্তুতি কত দূরে গিয়েছে তা খতিয়ে দেখতে এই সফর বলে ধারণা অভিজ্ঞ মহলের।

