এবার বিজেপি নেতা সায়ন্তন ও তৃণমূল নেত্রী সুজাতাকে ২৪ ঘন্টা নিষেধাজ্ঞা কমিশনের

রাজেন রায়, কলকাতা, ১৮ এপ্রিল: বিধানসভা নির্বাচনে বেশি মাইলেজ নিতে গিয়ে চালিয়ে খেলা থেকে মাঝে মধ্যেই ক্যাচ আউট হচ্ছেন তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা। নির্বাচনী আচরণবিধি ভেঙে কথা বলার জন্য এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দিলীপ ঘোষ রাহুল সিনহা শুভেন্দু অধিকারীকেও নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। এবার যুগ্মভাবে কমিশনের নিষেধাজ্ঞার কোপে পড়লেন
বিজেপি নেতা এবং তৃণমূল নেত্রী। ২৪ ঘণ্টার জন্য বিজেপি নেতা সায়ন্তন বসু ও তৃণমূল নেত্রী সুজাতা খাঁকে নিষিদ্ধ ঘোষণা করেছে কমিশন। এই নিষেধাজ্ঞা সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বলবৎ থাকবে।

গত ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনা ঘটনার পর সায়ন্তন বসু শোলে ছায়াছবির সংলাপ অনুকরণে বলেছিলেন, ‘ওরা একজনকে মারলে আমরা চার জনকে মারবো।’ এই বক্তব্যের বিরোধিতা করে কমিশনে অভিযোগ করেছিল তৃণমূল। এর পর সায়ন্তনকে শোকজ করে কমিশন।

ওদিকে ভোটগ্রহণের পর আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী তপশিলিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। নিজে তপশিলি হয়েও তিনি বলেন, ‘এই এলাকার তপশিলিরা হল স্বভাব ভিখারি। মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করল, তাও কটা টাকার জন্য ভোটের আগে বিজেপির কাছে বিক্রি হয়ে গেল।’

কমিশনের তরফে জানানো হয়েছে, দুজনেই জনপ্রতিনিধিত্ব আইন ভঙ্গ করে এমন মন্তব্য করেছেন। শো-কজের জবাবে তাঁরা যে উত্তর দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। সেই কারণে রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ২ জনই কোনও নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *