জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ জুন: প্রাক্তন বিজেপি মুখপাত্রের বিতর্কিত মন্তব্য ঘিরে বর্তমান অস্থির পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা নিয়ে পরস্পরের মেলবন্ধনে এগিয়ে এলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব।

দলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা ও শহর তৃণমূল নেতারা শনিবার সন্ধ্যায় বিভিন্ন ধর্মের পুরোহিত, যাজক ও ইমামদের নিয়ে মানবতার রাখি বন্ধন পালন করেন। বিজেপির প্রাক্তন মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের পর রাজ্যের একাধিক জায়গায় হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গেলেও নুপুর শর্মাকে গ্রেপ্তারের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলায় শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন হয়েছে। পরিবেশ শান্তিপূর্ণ রাখার আবেদন জানিয়ে জেলা তৃণমূলের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় সম্প্রীতি ও একতার বার্তা দিতে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুদের নিয়ে মানববন্ধন রচনা করা হয়। মানববন্ধনে উপস্থিত হিন্দু পুরোহিত ও মুসলমান ইমামরা পরস্পরকে আলিঙ্গন করে রাখি পরিয়ে দেন এবং হাতে হাত রেখে একতার শপথ নেন। এই মহতী অনুষ্ঠানে সুজয় হাজরা ছাড়াও উপস্থিত ছিলেন শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
সুজয়বাবু বলেন, প্রতিদিন সকালে আজান ও গায়ত্রী মন্ত্রে আমাদের ঘুম ভাঙে। সন্ধ্যায় একসঙ্গে আমরা কীর্তন শুনি কিংবা চার্চে গিয়ে প্রার্থনা করি। এটাই আমাদের একতা, এটাই আমাদের ভারতবর্ষ।

