আমাদের ভারত, ৪ নভেম্বর: নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় নড়েচড়ে বসলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ঘটনার পরে এই বিষয়ে খোঁজ-খবর নেন কেন্দ্রীয় আধিকারিকরা। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা সিআইএসএফ গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক তরজাও তুঙ্গে।
দিনহাটায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যাবার পথে নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলা হয়। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। ভাঙ্গচুর চালানো হয় একের পর এক বাইক ও গাড়িতে। ওই এলাকায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় মুহূর্তে। পরিস্থিতি সামাল দিতে প্রথমে ময়দানে নামের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে রাজ্য পুলিশ ময়দানে নামে।
ঘটনায় নিশীথ প্রামাণিকের কোনো ক্ষতি না হলেও নড়েচড়ে বসেছে সিআইএসএফ। বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে বাহিনীর তরফে। কিভাবে ঘটনা ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার নিন্দা করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে রাজ্যে আইন শৃঙ্খলা একেবারেই নেই। কেন্দ্রীয় মন্ত্রীর উপর এই হামলা চুপ করে মেনে নেবে না বিজেপি। সুকান্তর মন্তব্যের পাল্টা দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন গোটা ঘটনাই নাটক।

