রাজেন রায়, কলকাতা, ১৭ মার্চ: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনায় আগে রিপোর্ট জমা দিয়েছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি নির্বাচন কমিশন। সেই কারণে ফের তলব করা হয় রিপোর্ট। আর তারপরে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আরও একবার রিপোর্ট জমা দিলেন কমিশনে।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোথায় খামতি, তা জানতে চেয়ে রিপোর্ট দিতে বলা হয়েছিল। সেই রিপোর্টই কমিশনে এ দিন জমা করেন মুখ্যসচিব। এর আগে গত ১৩ মার্চ এই ঘটনায় কমিশনের কাছে রিপোর্ট জমা দেন মুখ্যসচিব। নবান্ন সূত্রের খবর, যে রিপোর্ট মুখ্যসচিব জমা দিয়েছে সেখানে লেখা আছে, হঠাৎ দরজা বন্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে। প্রচুর মানুষের ভিড় ছিল বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কিন্তু রিপোর্টে কোথাও স্পষ্ট উল্লেখ নেই, কী কারণে দরজা বন্ধ হল। কেউ দরজায় ধাক্কা দেওয়ার ফলে বন্ধ হয়েছিল কি না সেই সংক্রান্ত তথ্যও নেই। রিপোর্টে উল্লেখ রয়েছে, রাস্তায় পিলার ছিল। শুক্রবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কমিশনে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছেন।
এর আগে মমতার পায়ে আঘাত পাওয়ার ঘটনা নিয়ে রাজ্যপালের সঙ্গে মুখ্যসচিব এবং ডিজিপির দীর্ঘক্ষণ আলোচনা হয়। এর আগে নির্বাচন কমিশনে গিয়ে নালিশ জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। সেই কারণেই আসল কারণ খুঁজে বার করতে তৎপর নির্বাচন কমিশন।

