জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ মে:
অশনির প্রভাবে মঙ্গলবার থেকে টানা তিন দিন ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাসে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর এক সপ্তাহ পিছিয়ে গেল।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ চলতে পারে। এই কারণেই মুখ্যমন্ত্রী পূর্বঘোষিত তারিখের এক সপ্তাহ পর অর্থাৎ ১৭ মে জঙ্গলমহল সফরের সিদ্ধান্ত নিয়েছেন। ওই দিন তিনি মেদিনীপুর শহরে পৌঁছাবেন বলে পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সফরের দায়িত্বে থাকা বিধায়ক অজিত মাইতি সাংবাদিকদের জানিয়েছেন।
ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলার দুই সভাপতি আশিস হুদাইত ও সুজয় হাজরা জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার কারণে এগারো তারিখের পরিবর্তে আঠারো তারিখ পঞ্চায়েত স্তরের কর্মী ও সদস্যদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দশ তারিখের প্রশাসনিক বৈঠক হবে সতেরো তারিখ। একই ভাবে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠক ও দলের কর্মীদের বৈঠক হবে ১৮ ও ১৯ মে।

