“মুখ্যমন্ত্রী চুরি করবে আর জবাব দেবে সুকান্ত মজুমদার?” কালো পতাকা দেখানোর ঘটনায় পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ৯ ডিসেম্বর: আজ দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মৈপীঠে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ ও কালো পতাকা দেখায় একদল মানুষ। তাদের বক্তব্য, কেন একশো দিনের টাকা আটকে গেছে, সুকান্ত মজুমদারকে জবাব দিতে হবে। এর পাল্টায় সুকান্ত বলেছেন, মুখ্যমন্ত্রী টাকা চুরি করবে আর জবাব সুকান্ত মজুমদার দেবে? তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে হামলার চেষ্টা হয়েছে তার উপর।

জয়নগরের কুলতলী এলাকায় যেসব বিজেপি কর্মী ডায়মন্ড হারবারের সভায় যাওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন তাদের সঙ্গে আজ দেখা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই সব সেরে তিনি যখন কলকাতায় ফিরছিলেন, তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি, জোর করে ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র। সে টাকা ছেড়ে দিতে হবে। সুকান্ত মজুমদারের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা হয়। লাঠি দিয়ে তাঁর গাড়িতে আঘাত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জয়নগর থানার পুলিশ।

এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি বলেন,”জয়নগরের যে সব বিজেপি কর্মী আক্রান্ত হয়েছিলেন তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখান থেকে কলকাতায় ফিরছিলাম, বকুলতলার নতুন হাটের পাঁচ কিলোমিটার আগে আমাদের গাড়ি ঘেরার চেষ্টা করা হয়। প্রথমে ওরা কালো পতাকা দেখায়। বকুলতলা হাটের আগে গাড়ি আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু পারেনি। ওখানে তৃণমূলের হার্মাদ বাহিনী, জেহাদি বাহিনী এসে গাড়ি ঘিরে ধরে। গাড়িতে লাঠি দিয়ে মারে। গাড়ির কাঁচ ভাঙ্গার চেষ্টা করে। একবারই দু’জন পুলিশকে আমরা দেখেছি। কোনোরকমে আমার নিরাপত্তারক্ষীরা আমার গাড়ি বের করে আনতে সমর্থ হয় সৌভাগ্যবশত। গাড়ির কাঁচ না ভাঙ্গলেও, ওয়াইপার ভেঙ্গে দেওয়া হয়েছে।” তাঁর দাবি, “যে সব পোস্টার তাকে দেখানো হচ্ছিল তা প্রিন্ট বের করে আনা হয়েছে। তাই এই বিক্ষোভ আগে থেকে পরিকল্পিত।”

সুকান্ত মজুমদার পাল্টা দিতে গিয়ে বলেন, “ওরা বলেছিল সুকান্ত মজুমদার জবাব দাও। মুখ্যমন্ত্রী চুরি করবে আর জবাব দেবে সুকান্ত মজুমদার। এদের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *