“মুখ্যমন্ত্রী থাকবেন আমাদের শপথগ্রহণ অনুষ্ঠানে, আমরা খুশী তাঁর আন্তরিকতায়”, মমতার সঙ্গে দেখা করে পাহাড়ে ফিরে বললেন অনিত থাপা

আমাদের ভারত, শিলিগুড়ি, ৭ জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে পাহাড়ে ফিরলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। বৃহস্পতিবার তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে সরাসরি পাহাড়ে চলে যান। আগামী ১২ জুন জিটিএ’র শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে পাহাড়ে। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার সম্ভবনা রয়েছে। তাই এদিন পাহাড়ে পৌঁছেই শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে দলীয় বৈঠক সারেন তিনি। শনিবারের মধ্যে আমন্ত্রিত অতিথির তালিকা তৈরি করে ফেলা হবে।

তিনি এদিন বিমানবন্দরে বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন তিনি আমাদের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন। আমরা খুশী তার এই আন্তরিকতায়। নির্বাচনে জেতার পর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই গিয়েছিলাম। তাকে বলে এসেছি আমরা সকলকে নিয়েই পাহাড়ের উন্নয়নের জন্য কাজ করব। উন্নয়নই আমাদের প্রথম লক্ষ্য। তাই জলদি বোর্ড গঠন করতে চাই আমরা।”

প্রসঙ্গত, ১০ বছর পর জিটিএ নির্বাচনে অনিতের দল ৪৫টি আসনের মধ্যে ২৭টি পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাদের জোট সঙ্গী তৃণমূলও ৫টি আসন পেয়েছে। আবার ৫ জন নির্দলের মধ্যে ৩ জন অনিতের দলকে সমর্থন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *