কথা রাখলেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য পরিকাঠামোর বিষয়ে খোঁজ নিতে হাজির এসএসকেএমে

রাজেন রায়, কলকাতা, ১৬ সেপ্টেম্বর: বিভিন্ন কাজের মধ্যে যাতে কোনওভাবেই স্বাস্থ্য পরিকাঠামোর বিষয়টি উপেক্ষিত না হয়, তার জন্য প্রত্যেক মাসে দুটি বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে এসে বসবেন বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কাজের পর্যালোচনা করবেন বলেও জানিয়েছিলেন তিনহ। বৃহস্পতিবার অর্থাৎ আজ সেইমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন এসএসকেএম হাসপাতালে। রাজ্যজুড়ে শিশুদের অজানা জ্বর নিয়ে এবং স্বাস্থ্য পরিকাঠামোর বিষয়ে আলোচনা করেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন হাসপাতাল একটা গুরুত্বপূর্ণ জায়গা। যেহেতু স্বাস্থ্য ভবন অনেকটা দূরে তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন ১৫ দিন অন্তর ১০- ১২ জনকে নিয়ে তিনি এসএসকেএমে বসবেন। ৩ থেকে ৪ ঘন্টা থাকবেন তিনি। অনেক সময় অনেক হাসপাতালে সমস্যা থাকে। এসএসকেএম হাসপাতালে পাঁচটা মেডিকেল কলেজ আছে। এছাড়াও স্বাস্থ্যের নানান রকম ব্যাপার আছে। কখনও স্বাস্থ্যসচিব কখনও মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে আসবেন।

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। সামনেই তার বড় পরীক্ষা। তা সত্বেও নিজের কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দেওয়া এখন তার প্রধান লক্ষ্য।‌ নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে তিনি যে তার দায়িত্ব ভুলে যাননি, সেটাই যেন জানান দিলেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *