বুধবার থেকে প্লাবিত এলাকা পরিদর্শন শুরু মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ৩ আগস্ট: আমফান থেকে যস, সমস্ত ঘূর্ণিঝড়ে আগাম সর্তকতা নিয়েছিল রাজ্য প্রশাসন। কিন্তু গত সপ্তাহের জোড়া নিম্নচাপে ঠিক কতটা বৃষ্টি হতে পারে, তা কোনও ভাবেই অনুধাবন করা যায়নি। সে কারণেই গত সপ্তাহের বৃহস্পতিবার একদিনের রেকর্ড বৃষ্টিই ভেঙে দিয়েছে বহু বছরের রেকর্ড। আর রেকর্ড ভাঙ্গা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের একাধিক জেলা সাধারণ বন্যার থেকে অতিরিক্ত ভাবে প্লাবিত হয়েছে।

চার, পাঁচ দিন কেটে গেলেও কোনও কোনও জায়গায় এখনও জল জমে রয়েছে। এবার বন্যা বিধ্বস্ত
এলাকাগুলি পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। বুধবার হুগলির খানাকুল পরিদর্শন করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। বুধবার খানাকুলের প্লাবিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যাদুর্গতদের সঙ্গেও কথা বলবেন তিনি।

এর আগে সোমবার সকাল থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে বায়ুসেনার হেলিকপ্টারে করে প্লাবিত এলাকার বাসিন্দাদের উদ্ধারকাজের ব্যবস্থা করেন দিলীপ যাদব। তিনি জানান, জলের স্রোত এতটাই বেশি যে স্পিডবোটে উদ্ধার কাজ চালানো কার্যত অসম্ভব ছিল। তাই বায়ুসেনার কপ্টারকে কাজে লাগাতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *