রাজেন রায়, কলকাতা, ২০ সেপ্টেম্বর: ভবানীপুর হাইপ্রোফাইল কেন্দ্রের দিকে নজর রয়েছে সকলের। এই কেন্দ্রে লড়াই করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আগামী ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে ভবানীপুর কেন্দ্রে। খোদ মুখ্যমন্ত্রীর কাছেও এটা প্রেস্টিজ ফাইট।
ইতিমধ্যেই জনসংযোগ বাড়াতে জোর দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যেবেলায় ভবানীপুরে শীতলা মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর। পঞ্চ প্রদীপ হাতে সন্ধ্যারতি করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে মসজিদের ইমামদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি গুরুদ্বারেও গিয়েছিলেন। এছাড়া ভবানীপুরে লক্ষ্মীনারায়ণ মন্দিরেও গিয়েছিলেন। ২১ সেপ্টেম্বর থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে থাকবেন। তার আগে মসজিদ, গুরুদ্বার এবং মন্দিরে ভ্রমণ প্রচারের কৌশল বলেই মন্তব্য বিরোধীদের।
জনসংযোগের জন্য ২০ থেকে ২৬ সেপ্টেম্বর ছোট ছোট সভায় হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল আশাবাদী খুব সহজেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। কিন্তু বিজেপির দাবি, নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে তারা প্রস্তুত।

