আমাদের ভারত, ২৫ জুলাই: এত বড় দুর্নীতির ঘটনায় দায় এড়াতে পারেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।” সোমবার এই দাবি করল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)।
এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূর সোমবার জানান, “আমরা মনে করি এত বড় দুর্নীতির ঘটনায় দায় এড়াতে পারেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শিক্ষা মন্ত্রী হিসাবে, শিল্প মন্ত্রী হিসাবে এবং দলের মহাসচিব হিসাবে পার্থবাবু কার্যত সরকার ও মন্ত্রীসভার দ্বিতীয় প্রধান হিসাবে পরিচিত ছিলেন। মমতার পরেই তাঁর স্থান। বছরের পর বছর ধরে রাজ্যজুড়ে চলে আসা এই দুর্নীতির চক্র মুখ্যমন্ত্রীর অজ্ঞাতসারে? তাঁর প্রশ্রয় ছাড়া চলতে পারে না।
এই অবস্থায় আমাদের সুচিন্তিত অবস্থান, মন্ত্রিসভার দ্বিতীয় প্রধানের চরম দুর্নীতির নৈতিক দায় নিয়ে সরকারের প্রধান মমতা বন্দোপাধ্যায়েরও উচিত পদত্যাগ করা। আমরা তাঁর পদত্যাগ দাবি করছি। বস্তুতপক্ষে রাজ্য সরকারের প্রতিটি দপ্তরই চরম দুর্নীতিতে ডুবে আছে। দুর্নীতি দমনের জন্য গঠিত ভিজিলেন্স কমিশন, অ্যান্টি-করাপশন ব্যুরো অস্তিত্বহীন। লোকায়ুক্ত নেই। মানবাধিকার কমিশন নেই। মানবাধিকার মেনে, আইনের শাসন মেনে সরকার চালনার নীতিগত অক্ষমতা আজ প্রকট। দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র ও শাসকদলের আঁতাত সর্বগ্রাসী হয়ে উঠেছে। এর থেকে উত্তরণের জন্য যে গভীর সংস্কার প্রয়োজন সে পথ সবারই খোঁজা দরকার।
তবে শুরু থেকেই এই সরকার যেভাবে আন্দোলন ও আন্দোলনকারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করা, গুরুত্ব না দেওয়ার নীতি নিয়ে চলেছে তা থেকে সরকারকে সরে আসতেই হবে। ভিন্ন মত, অভিযোগ ও প্রতিবাদকে মান্যতা দেওয়ার গণতান্ত্রিক রীতি মানতেই হবে।

