মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রাখেন: পার্থ চট্টোপাধ্যায়

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ ফেব্রুয়ারি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন তা তিনি পালন করেন। কেন্দ্রের বিজেপি সরকারের মত মিথ্যা প্রতিশ্রুতি দেন না বলে শুক্রবার ঝাড়গ্রামের জনসভায় মন্তব্য করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এদিন ঝাড়গ্রাম শহরের সার্কাস ময়দানে আয়োজিত জনসভায় পার্থ চট্টোপাধ্যায় বলেন, জঙ্গলমহলের মানুষের জীবনে আলো এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত মানুষকে বিনা পয়সায় চাল-গম দিয়েছেন। বাড়ি তৈরি করে দিয়েছেন। তিনি একদিকে উন্নয়ন এবং অন্যদিকে পুনর্বাসনের ব্যবস্থা করেছেন, কিন্তু কেন্দ্রের সরকার যা বলছে তা করছে না।

এ রাজ্যে কর্মসংস্থান করা হয়েছে। শিক্ষক নিয়োগ হয়েছে। ঝাড়গ্রামে মেডিকেল কলেজ করা হচ্ছে।
অলচিকি স্কুলগুলিতে পার্শ্বশিক্ষক নেওয়া হয়েছে। একসময় জঙ্গলমহল আতঙ্কের জায়গা হয়ে উঠেছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শান্তি প্রতিষ্ঠা করেছেন। পার্থবাবু তাঁর বক্তব্যে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, এখানে কেউ কেউ বলছেন তিনি জঙ্গলমহলের ত্রাণকর্তা, কিন্তু তারা তা নয় তারা হল পকেট ভরানোর কর্তা। বিজেপির সঙ্গে জোট বেঁধে তারা এখন উন্নয়ন স্তব্ধ করতে চায়। দুয়ারে সরকার বন্ধ করতে চায়। রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে। রাজ্যের সমস্ত মানুষকে এই পরিষেবার আওতায় নিয়ে আসা হবে। তৃণমূলের মহাসচিব বলেন, আদিবাসীদের সুরক্ষা দিতে সবরকম চেষ্টা করছে এই সরকার। আদিবাসীদের সাড়ে চার লক্ষ ছাত্র-ছাত্রীকে বৃত্তি দেওয়া হচ্ছে। রাজ্য সরকার যা প্রতিশ্রুতি দেয় তা মেনে চলে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার করে দেব করে দেব বলে কিন্তু তারা কাজের কাজ কিছু করে না। দু’কোটি বেকার ছেলের চাকরি নেই। বিএসএনএল এবং রেল বেসরকারিকরণের দিকে এগোচ্ছে। কেন্দ্র সরকার হল বেচে দেওয়ার সরকার। তাই এই সরকারকে প্রতিহত করতে হবে। পার্থ চট্টোপাধ্যায় ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান এবং বলেন, জেনে রাখুন চারটি কেন্দ্রে তৃণমূল নেত্রী নিজেই প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *