স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ জুলাই: “রাজ্যের মুখ্যমন্ত্রী ভিক্ষাবৃত্তি করতে দিল্লিতে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন, কেউ যদি ডেকে একটু কথা বলেন। এতে রাজ্যের মান সন্মানের সর্বনাশ করছেন। মুখ্যমন্ত্রীর উচিত রাজনৈতিক টুরিজম না করে এমনি টুরিজম করুন লালকেল্লা আর সব দিল্লিতে যা আছে দেখে ঘুরে ফিরে আসুক”। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে এমনই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু। বুধবার রায়গঞ্জের বোগ্রামে স্পিনিং মিলের সামনে চায়ে পে চর্চায় যোগ দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি।
এই মুহূর্তে দেশের সবকটি বিরোধী রাজনৈতিক দল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারকে পরাস্ত করার জন্য একজোট হচ্ছে। বিশেষ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় সেই উদ্যোগ নিচ্ছেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু বলেন, দেশে বিরোধীদের কোনও অস্তিত্ব নেই। বিশেষ করে তৃণমূলের সংসদীয় দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে সায়ন্তনবাবু বলেন, “আমি যদি এখন মনে করি আমেরিকার রাষ্ট্রপতি হবো, হতে পারব? পারবো না। সেরকমই রাজ্যের মুখ্যমন্ত্রী এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। কেউ স্বপ্ন দেখতেই পারেন। তবে দেশে বিজেপির অবস্থা আরও ভালো বলে দাবি করেন এই বিজেপি নেতা।
দলত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, সুনীল মন্ডল বা শিশির অধিকারী মত যেসব সাংসদ বিজেপি ছেড়েছেন তাঁরা কোনওদিনই বিজেপি দলে ছিলেন না।

