আদিবাসী দিবসে ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ আগস্ট: ৯ আগস্ট আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে আয়োজিত আদিবাসী দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে এদিন জেলার আদিবাসী লোক শিল্পীদের বর্ণময় সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান রয়েছে। আদিবাসী সমাজের বিশিষ্ট মানুষদের এদিনের অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফর ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে আসার খবর থাকায় শহরের রাজ কলেজ সংলগ্ন মাঠে হেলিপ্যাড প্রস্তুত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরকে কেন্দ্র করে জেলা ও পুলিশ প্রশাসনে জরুরি বৈঠক হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রচারে শেষ বার ঝাড়গ্রাম জেলার লালগড় এবং গোপীবল্লভপুরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার চারটি আসনেই উড়েছে ঘাস ফুলের পতাকা। রাজ্যে বিপুল জয়ের পর এই প্রথম ঝাড়গ্রামে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।  তাই তার এবারের সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মুখ্যমন্ত্রীর সফর প্রসঙ্গে ঝাড়গ্রাম পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, “আমাদের কাছে খবর এসেছে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসছেন। তার জন্য স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *