জেলার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার দার্জিলিং সফরে আসছেন মুখ্যমন্ত্রী

আমাদের ভারত, দার্জিলিং, ২৩ অক্টোবর:
দার্জিলিং জেলার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা বাঘাযতীন পার্কে পুলিশ প্রশাসনের বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি বিশ্ববাংলা শারদ সম্মান তুলে দেবেন বিজয়ী ক্লাবের সদস্যদের হাতে। অনুষ্ঠান শেষে তিনি উত্তরকন্যা ফিরে যাবেন। সোমবার উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করবেন। মঙ্গলবার তারা কার্শিয়াংয়ের টাউন হলে দার্জিলিং ও কালিম্পংয়ের প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করার কথা রয়েছে। বুধবার তার কোনও কর্মসূচি নেই। তবে ওইদিন তাঁর পাহাড়ের ধস কবলিত এলাকা পরিদর্শনের সম্ভবনা রয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে যাবেন।

পুজোর আগেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে আসার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। কারণ দক্ষিণবঙ্গে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার কারণেই তার সফর বাতিল করতে হয়। এবার তিনি পাহাড়-সমতলে এসে বৈঠক করবেন। আর তাই মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রশাসনিক এবং পুলিশ মহলে শুরু হয়েছে জোর তৎপরতা। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে পুলিশের বিজয়া সন্মেলনী অনুষ্ঠানের জন্যে মঞ্চের পাশাপাশি মাঠজুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। মাঠজুড়ে চেয়ার বসানো হয়েছে করোনাবিধি মেনে। মাঠে একটি মঞ্চও করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। ইতিমধ্যেই বাঘাযতীন পার্ক চত্বরকেও মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার বেষ্টনিতে। এদিন সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চেই পুলিশ কর্তাদের সাথে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এসে বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন। এই মঞ্চ থেকেই তিনি বিশ্ব বাংলা শারদ সম্মান পুরষ্কার তুলে দেবেন। তাই নিয়েই প্রস্তুতি বৈঠক সারলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *