মা দুর্গা রাজ্য সরকারের শূন্য ভাঁড়ার পূর্ণ করবেন! পূজো কমিটির বরাদ্দ আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী, বাড়ল বিদ্যুতে ছাড়ের পরিমাণ

আমাদের ভারত, ২২ আগস্ট: পুজো কমিটি গুলির সঙ্গে সমন্বয় বৈঠকের খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন প্রতিটি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। ১০ হাজার টাকা এবার বাড়ানো হয়েছে। গত দু’বছরে অংক ছিল ৫০ হাজার টাকা।

গতবছর বিদ্যুতের বিলে ৫০% ছাড় দেওয়া হয়েছিল এবার তা বাড়িয়ে ৬০ শতাংশ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী‌। রাজ্য বিদ্যুৎ পর্ষদের কাছে সমন্বয় বৈঠকের মধ্য থেকেই অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের আর্থিক অবস্থা মোটেই ভালো নয়। গত কয়েকমাস ধরেই বিভিন্ন বৈঠকে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে এদিন পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী রসিকতার ছলে বলেন, এবার কিন্তু আপনাদের টাকা দিতে হবে আমার টাকা নেই। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না ১০০ দিনের কাজের টাকা বকেয়া পড়ে রয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের বরাদ্দ ছাঁটাই করতে হচ্ছে। এই আর্থিক পরিস্থিতির মধ্যেও পুজোর জন্য কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভাঁড়ার শূন্য। তবে আমি আশা করছি মা দুর্গা ভাঁড়ার পূর্ণ করে দেবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের রেজিস্টার্ড পুজোর সংখ্যা ৪০ হাজার ৯২টি। এই সব কটি পুজো কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ এর জন্য রাজ্য সরকারের খরচ হবে ২৪০ কোটি ৫৫ লক্ষ ২০ হাজার টাকা।

ইউনেস্কোর শিরোপা পাওয়ার পর এই প্রথম দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন ১ সেপ্টেম্বর মিছিল করে তা উদযাপন করা হবে। এদিন একবার সে কথা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দুটোর সময় ঐ দিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মিছিল শুরু হবে। করোনার জন্য আগামী দু’বছর পুজো কার্নিভাল হয়নি। ৮ অক্টোবর কলকাতার রেড রোডে কার্নিভাল হবে। জেলা কার্নিভাল হবে তার আগের দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *