তিনদিনের সফরে পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: তিনদিনের সফরে পশ্চিম মেদিনীপুর জেলায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল ৪.২০ নাগাদ খড়্গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রবেশের মুখে দাঁড়িয়েছিলেন খড়্গপুর পৌরসভার
পুরপ্রধান প্রদীপ সরকার। মুখ্যমন্ত্রী প্রবেশের সময় স্লোগান দিতে থাকে তার অনুগামীরা। মুখ্যমন্ত্রী তার কনভয় থামিয়ে প্রদীপ সরকারকে ডেকে নেন। প্রদীপ সরকার বলেন, দিদি আপনি বলেছেন ১৫ সেপ্টেম্বর যে প্রশাসনিক কর্মসূচি রয়েছে সেই অনুষ্ঠানে আসার জন্য। মুখ্যমন্ত্রী বলেন, যদি প্রয়োজন হয় তোকে ডেকে নেবো। গতকাল মেদিনীপুর জেলা পরিষদে কিসের মিটিং করেছিস, উত্তরে প্রদীপ জানায়, আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং আপনি আসছেন সেই বিষয়ে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সূচিকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে জেলাজুড়ে। আগামী ১৫ সেপ্টেম্বর খড়গপুর শহর সংলগ্ন বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকার খড়গপুর স্টেডিয়ামের মাঠে প্রশাসনিক একটি কর্মসূচির ব্যবস্থা করছে প্রশাসন। ঐদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে যারা স্কিল ট্রেনিং নিয়েছেন তাদের ওই কর্মসূচিতে আনার ব্যবস্থা করছে প্রশাসন। প্রায় দশ হাজার বেকার যুবক-যুবতীরা অংশ নেবেন ওই দিনের অনুষ্ঠানে।

প্রশাসন সূত্রে খবর, ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নতুন গেস্ট হাউসেই থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানেই থাকবেন মুখ্যমন্ত্রী। গত বৃহস্পতিবার কলকাতায় দলের বিশেষ অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল “আমি একটা প্রোগ্রামে যেতে পারি বলে দেবো দু একদিনের মধ্যে। ১২ সেপ্টেম্বর দশ হাজার ছেলের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেব কলকাতায়। যে ট্রেনিং নিয়েছে, আর যার লোক চাই, দুটোকে মিলিয়ে দিয়েছি। ত্রিশ হাজার ছেলে মেয়েরদের বলেছিলাম চাকরি দেব। যারা স্কিল ট্রেনিং নিয়েছে। দুটো করতে হবে একটা উত্তরবঙ্গের দিকে আরেকটা দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের ওই কর্মসূচি পশ্চিম মেদিনীপুর জেলাতে হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।

দলীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি দেবব্রত দাস গত ১৮ মে প্রয়াত হওয়ার পর থেকে ওই পদটি শূন্য রয়েছে। সহ-সভাপতি শেখ সুফিয়ান দায়িত্ব সামলাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের। মঙ্গলবার খড়্গপুর শহরের ওই অতিথি ক্যাম্পাস এলাকাতে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কো-অডিনেটর তথা মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি বলেন, মুখ্যমন্ত্রী জেলায় এসেছেন। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ নিয়ে বৈঠক রয়েছে। পরের দিন পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি এলাকায় প্রশাসনিক কর্মসূচি এবং বৃহস্পতিবার মেদিনীপুরে প্রশাসনিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। যাতে ওই কর্মসূচিগুলি সফল হয় তার প্রস্তুতি নেওয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *