সোনাপেতায় আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত প্রধানকে দেখতে দলীয় নেতাদের হাসপাতালে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর:
বিজেপির নবান্ন অভিযানের দিন সকাল থেকেই হলদিয়া-মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়কে সোনাপেতা টোল প্লাজায় পুলিশ বিজেপির গাড়ি আটকায়। নবান্ন অভিযানের জন্য বিজেপির কোনো অনুমতি না থাকায় পুলিশ বিজেপির গাড়ি আটকে দেয়। সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে দেয়।

সেই সময় শহিদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তারক জানা ঘটনার প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর পেয়ে মানুষ ভুঁইঞা, সৌমেন মহাপাত্র বিপ্লব রায়চৌধুরী সহ একাধিক নেতাদের তমলুক জেলা হাসপাতালে যাওয়ার কথা বলেন। সেই মতো তমলুক জেলা হাসপাতালে রঘুনাথপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান তারক জানাকে দেখতে আসেন মানষ ভুঁইঞা, সৌমেন কুমার মহাপাত্র, মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, বিধায়ক সুকুমার দে, বিধায়ক তিলক চক্রবর্তী, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ তৃণমূল নেতৃত্বরা। চিকিৎসকদের সুচিকিৎসা করার পরামর্শ দেন তৃণমূল নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *