ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ৬ মে: নির্বাচনের ফলাফল বেরোনোর পর যেটুকু সময় নির্বাচন কমিশনের অধীনে রাজ্যের আইন শৃঙ্খলা ছিল, তার মধ্যেই রাজ্যে ভোট পরবর্তী হিংসায় ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে এই তথ্য পেশ করে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রং বা দল না দেখে সব মানুষকে সাহায্য করতে চান তিনি।

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “আমি শপথ নেওয়ার পরেই ভোট পরবর্তী হিংসা বন্ধের আহ্বান জানিয়েছি। এখন দিল্লির নেতারা এসে জেলায় জেলায় দাঙ্গার প্ররোচনা দিচ্ছেন। দিল্লি, উত্তরপ্রদেশে দাঙ্গায় মানুষ মারা গেলে কেন্দ্রের প্রতিনিধি দল যায় না। করোনায় মিটিং-মিছিল বন্ধ, তাও কেন দিল্লির নেতারা আসছেন? অক্সিজেন নেই, ভ্যাকসিন নেই, তখন কেন আসেননি?” বাংলার বাইরে থেকে কেউ এলেই তাঁর আরটিপিসিআর টেস্ট হবে বলেও জানান তিনি। বিজেপি’কে আক্রমণ করে মমতা বলেন, “গুন্ডামি, উস্কানি বেশি করছে বিজেপি। যেখানে বিজেপি জিতেছে, সেখানে বেশি হিংসার ঘটনা ঘটছে। দিনহাটায় আমাদের উদয়ন গুহকেও মেরেছে। হাত ভেঙ্গে দেওয়া হয়েছে।”

কোভিড মোকাবিলা নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে অক্সিজেন ঘাটতি মেটাতে মেডিক্যাল কলেজে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হবে। পাশাপাশি হাসপাতালগুলিতে ৪০ শতাংশ বেড বাড়ানো হবে। সব হাসপাতাল, নার্সিংহোমে করোনা চিকিৎসার বেড রাখতে হবে। ডাক্তারি পড়ুয়াদের করোনা চিকিৎসার কাজে লাগানো হবে। দরকারে কোয়াক ডাক্তারদেরও কাজে লাগানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *