শান্তনু ঠাকুরের করা মামলায় সিট গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ জুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি নিয়ে ঠাকুরবাড়িতে ধুন্ধুমার পরিস্থিতির পর হাইকোর্টের দ্বারস্থ হন শান্তনু ঠাকুর। সেই মামলায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি রাজশেখর মান্থা। বুধবার সকালে ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সংসদ শান্তনু ঠাকুর।

এদিন সাংবাদিক সম্মেলনে শান্তনু বাবু দাবি করেন, ঠাকুরনগর ঠাকুরবাড়ির মন্দির দেবত্ব সম্পত্তি এবং শান্তনু ঠাকুরকে সেবায়েত করে গেছেন বড়মা বীণাপাণি ঠাকুর। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সেদিন তৃণমূল চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। হাইকোর্টের নির্দেশে খুশি শান্তনু ঠাকুর। পাশাপাশি তিনি হাইকোর্টকে সম্মান জানিয়ে সিটের তদন্তের উপরেও সন্দেহ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সেখানে রাজ্য পুলিশ দিয়ে কিভাবে তদন্ত করা সম্ভব? পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে তিনি প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুর ও প্রয়াত বড়মা বীণাপাণি ঠাকুরের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তোলেন। এই মৃত্যু নিয়ে রহস্য আছে বলে জানান শান্তনু ঠাকুর।

শান্তনু ঠাকুরের প্রেসমিট নিয়ে মমতা ঠাকুর জানিয়েছেন, হাইকোর্টে যা জানানোর জানাবো। মতুয়া মহাসঙ্ঘের রেজিস্ট্রেশন প্রসঙ্গে তিনি বলেছেন, কথা বলবে দলিল রেজিস্ট্রেশন। যা বলার কোর্টে বলবো। কপিলকৃষ্ণ ঠাকুর ও বড়মার মৃত্যু রহস্য নিয়ে মমতা ঠাকুর বলেন, তিনি তো অনেক আগেই সিবিআই তদন্ত চেয়েছেন। তদন্ত করুক সত্যটা সামনে আসুক। সিট গঠন নিয়ে তিনি জানিয়েছেন, আইনকে আমরা সম্মান করি সত্যটা সামনে আসুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *