রাজেন রায়, কলকাতা, ১৭ আগস্ট: পার্টি লাইনের বাইরে গিয়ে জাগো বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার জোয়ার। তার জেরে আগেই রোষানলে পড়তে হয়েছিল অনিল কন্যা অজন্তা বিশ্বাসকে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা চূড়ান্ত হলেও কিছুটা নরম ছিল আলিমুদ্দিনের মনোভাব।
তিন মাসের জন্য অনিল কন্যাকে সাসপেন্ড করল সিপিএম।
তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’তে উত্তর সম্পাদকীয়তে কলম ধরেছিলেন অজন্তা বিশ্বাস। সেখানেই তিন নম্বর কিস্তিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লিখেছিলেন অজন্তা। বাম নেত্রী হয়েও তৃণমূলের নেত্রীর প্রশংসা করে জাগো বাংলায় কেন লিখেছেন তার জবাব চায় দল।

উত্তরে তিনি জানান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি একজন ইতিহাসের অধ্যাপিকা। তাঁর গবেষণার বিষয় বঙ্গ রাজনীতিতে নারীশক্তি। সেই বিষয়টিই পত্রিকায় তুলে ধরেছিলেন। তার এই উত্তরে সন্তুষ্ট হয়নি সিপিএম। দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এই কাজের জন্য তিরস্কার করা হবে অনিল কন্যাকে। মঙ্গলবার সকালে দলের তরফে জানানো হয় তাঁকে আগামী তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।

