স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৪ এপ্রিল: প্রায় ২৪ ঘন্টা পর অবশেষে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর সাথে বৈঠক করল জেলা পুলিশ এবং প্রশাসন। রায়গঞ্জের কর্নজোড়ায় সার্কিট হাউসে এই বৈঠক হয়। যদিও বৈঠক শেষে ফের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। তিনি তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছেন।
সোমবার সকালে রায়গঞ্জের কর্নজোড়ায় সার্কিট হাউসে পৌছান মহকুমাশাসক কিংশুক মাইতি, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মানস মন্ডল, ময়নাতদন্তকারি চিকিৎসক ভাস্করজ্যোতি দেবনাথ। পরে এসে পৌছন এই মামলার তদন্তকারি অফিসার রিগদেন সেরিং লেপচা। তাদের সাথে কথা বলছেন NCPCR এর চেয়ারপার্সন।
মূলত, এই বৈঠক নিয়ে রবিবার দিনভর চলেছিল চাপানউতোর। একে অপরের বিরুদ্ধে সুর চড়ায় NCPCR ও WBCPCR। ক্রমাগত চাপানউতোরের জেরে হয়নি বৈঠক। যদিও পরবর্তীতে রবিবার রাতে পুনরায় বৈঠক স্থির করার প্রস্তাব দেয় জেলা প্রশাসন। ফলে সোমবার সকালে এই বৈঠক বসে। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট তাদের দেওয়া হয়নি। পাশাপাশি অসহযোগীতার অভিযোগ তোলেন তিনি।

