নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, রায়গঞ্জ, ১৩ মার্চ: দীর্ঘ লকডাউনের শুরুর দিকে প্রথমে কাজ বন্ধ হয়, কিন্তু এবার পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়া হল রায়গঞ্জের একমাত্র কেন্দ্রীয় রেশম বীজ উৎপাদন কেন্দ্রের অফিস এবং আবাসন। এমন পরিস্থিতিতে রায়গঞ্জের সাংসদকে বারংবার আবেদন জানিয়েও হতাশ হয়ে অবশেষে কর্মহীন হয়ে পড়লেন ওই শিল্প কেন্দ্রে কর্মরত প্রায় ৬৭ জন অস্থায়ী কর্মী।
আজ সকালে রায়গঞ্জের দেবীনগরের ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত রেশম বীজ উৎপাদন কেন্দ্রে গিয়ে দেখা গেল বসে আছেন একজন কর্মী। এই রেশম বীজ উৎপাদন কেন্দ্রে এদিনই গবেষণার জন্য এসেছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ অমিত কুমার মন্ডল। এসে রেশম বীজ উৎপাদন কেন্দ্র বন্ধ দেখে হতাশা প্রকাশ করেন।
এই রেশম বীজ উৎপাদন কেন্দ্রের অস্থায়ী কর্মীদের কাজে ফেরানো সহ একাধিক দাবিতে বারবার আবেদন ও ডেপুটেশন জমা দিয়েছেন স্থানীয় বাসিন্দা প্রদীপ সরকার।

এরকম পরিস্থিতিতে এদিন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, রায়গঞ্জের এই রেশম বীজ উৎপাদন কেন্দ্র বন্ধ করার ব্যাপারে কেন্দ্র সরকার একপ্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাই এটা বন্ধ হয়ে যাবে। তবে এই বিষয়টি নিয়ে আবারও কর্তৃপক্ষের সাথে কথা বলব।

